আবহাওয়ার খবর: জাঁকিয়ে শীত কি খুব শিগগিরই পড়তে চলেছে বাংলায়! পূর্বাভাস একনজরে
টানা বৃষ্টির দাপটের পর শেষমেশ মনোরম আবহাওয়া রাজ্যে। কালীপুজোর আমেজে আপাতত আকাশের মুখ সেভাবে ভার নেই গতকাল থেকেই। আলোর উৎসবে যখন গোটা বাংলা মাতোয়ারা তখন তার যোগ্য সঙ্গত দিয়েছে আবহাওয়াও। ইতিমধ্যেই ভোর শুরু হচ্ছে কুয়াশার চাদরে। এরপর সেই চাদর আরও ঘনীভূত হবে বলে দাবি আবহাওয়া দফতরের। একনজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া কোনদিকে যাচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা বাকি জেলায় কোথাও থাকছে না। অর্থাৎ ভাইফোঁটার পরিবেশ মনোরম থাকতে চলেছে উত্তরবঙ্গে। দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর উত্তরবঙ্গ কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে শুকনো যেমন থাকতে চলেছে তেমনই ধীরে ধীরে জাঁকিয়ে শীত অনুভব করতে চলেছে তারা। ভোরে দেখা যাবে কুয়াশা। এছাড়াও ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রায় সেরকম পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে ভাইফোঁটার মরশুম মনোরম পরিবেশেই কাটাতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। আপাতত দক্ষিণের সমস্ত জেলা শুকনো থাকতে চলেছে বলে জানা গিয়েছে। ভোরের দিকে সমস্ত জেলাতেই হালকা শীত অনুভূত হতে চলেছে। এদিন সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি ছিল বলে জানা যায়। আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, তবে এবার ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা যাচ্ছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী শহর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের আমেজ থেকে যাবে বিভিন্ন জায়গায়।

বৃষ্টি থেকে রেহাই নেই
এদিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণভারতের রাজ্যগুলি। জানা গিয়েছে, আরবসাগরের দক্ষিণপূর্ব দিকে ও তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এদিকে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এরফলে নভেম্বরের প্রথম থেকেই দক্ষিণ ভারতে পর্বল বর্ষণ আসতে চলেছে। কঙ্কণ উপকূল, গোয়া, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ মারাঠাওয়ার সহ একাধিক রাজ্যে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications