Weather Update: উত্তরে হাওয়ার দাপট, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। এই পরিস্থি
সকাল থেকে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। এই পরিস্থিতিতে জাঁকিয়ে শীত ফের কবে পড়বে, তা বলতে পারছে না আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিনদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা এবং আশপাশের এলাকায় এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবারের থেকে এদিন তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রির মতো। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৮ (১১.৬)
বালুরঘাট ১০.৮ ( ১০)
বাঁকুড়া ১১.৪ (১২)
ব্যারাকপুর ১১.২ ( ১১.৬)
বহরমপুর ১০ (১০)
বর্ধমান ১১ (১২)
ক্যানিং ১৩ (১৩ )
কোচবিহার ৯.৩ ( ১২.৪)
দার্জিলিং ৪ (৫)
দিঘা ১১.৮ ( ১২.৫)
কলকাতা ১২.৬ (১৩.৫)
মালদহ ১১.৩ (১১.৭)
পানাগড় ৯.৫ ( ১১.৮)
পুরুলিয়া ৯.১ ( ১০.১)
শিলিগুড়ি ১১.৮ ( ১০.৪)
শ্রীনিকেতন ৯.৫ (১০.৫)

উত্তর-পশ্চিম ভারতে একসঙ্গে দুটি পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর-পশ্চিম ভারতে সোমবারেই একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। অন্যটি প্রবেশ করতে চলেছে ৬ জানুয়ারি নাগাদ। এর প্রভাবে ৫ জানুয়ারি নাগাদ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এছাড়াও আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর জেরে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ ছাড়াও হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই দুই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। উত্তর-পশ্চিম হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে শীত কমতে চলেছে।












Click it and Unblock the Notifications