আগামী তিন দিনের মধ্যে রাজ্যে থেকে বিদায় নেবে বর্ষা, পূর্বাভাস নেই ভারী বৃষ্টির
আগামী তিন দিনের মধ্যে রাজ্যে থেকে বিদায় নেবে বর্ষা, পূর্বাভাস নেই ভারী বৃষ্টির
প্রতিদিনই প্রায় কলকাতায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে একই অবস্থা। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়া দফতর আশার বানী শোনাল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আগের থেকে বৃষ্টির হার কমে গিয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির হার আগের থেকে অনেকটা কমে যাবে। ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া একেবারে শুকনো খটখটে হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ১৬ তারিখের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত
শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে মেঘলা আবহাওয়া ছিল। একটা ভ্যাপসা গরম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে মেঘ জমতে থাকে। বেশ কয়েক জায়গাতে বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হয়। কলকাতায় শুক্রবার ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। বর্ষা বিদায় নিতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

উত্তরবঙ্গে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে। ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও স্বম্ভাবনা উত্তরবঙ্গে নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার তৈরি হবে ঘূর্ণাবর্ত
১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে এক একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি পরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই বিষয়ে এখনই বিস্তারিতভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হবে, সাইক্লোনের আকার নেবে কি না, এই বিষয়ে তিন দিন পরেই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব। ঘূর্ণাবর্তের দিকে আবহাওয়াবিদরা নজর রাখছেন। তবে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গপোসাগরের সাগরের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications