Weather Update: আজও উত্তাল সমুদ্র, উপকূলে বইবে ঝোড়ো হাওয়া, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
সক্রিয় মৌসুমি বায়ু তার সঙ্গে নিম্নচাপ দুয়ের জেরে শ্রাবণ জমে উঠেছে বঙ্গে। গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। বুধবারেও সেই বর্ষণের ধারা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বর্ষণই চলবে।
সকাল থেকে মেঘলা আকাশ। কখনও ঝিরঝিরে বৃষ্টি তো কখনও একটু বেশি। এই রকমই চলছে। গতকালের মতো বুধবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইরকমই হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বুধবার। তবে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পর পর কয়েকদিন বৃ্ষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে শহরে। ভ্যাপসা গরম থেকে রেহাই পেয়েছেন শহরবাসী। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
জুলাই মাসের প্রথম থেকেই আবহাওয়া বদলে গিয়েছে দক্ষিণবঙ্গে। বর্ষার দাক্ষিণ্য পেতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে এবার দক্ষিণবঙ্গে দেরিতে এসেছে বর্ষা। জুন মাস পর্যন্ত গরমে হাঁসফাঁস করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ তখন ভাসছে। অতিবর্ষণে বর্ষার প্রথম থেকেই বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ি জেলা গুলিতে প্রবল বর্ষণের কারণে ধস নেমেছিল।
এখনও বৃষ্টি কমেনি উত্তরবঙ্গে। তিস্তা-তোর্ষা সহ প্রায় সব নদীর জলই বেড়ে গিয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় তিস্তা এবং তোর্ষা নদীর জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেক জায়গাই জলমগ্ন হয়ে পড়েছিল। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে বর্ষা অনেকটাই দেরিতে এসেছে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গেরও অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মেরঠে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। পাঞ্জাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর হরিয়াণায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের রাজ্য গোয়া এবং গুজরাতের কোঙ্গন উপকূলেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications