Weather update: বঙ্গোপসাগরে ফের উঁকি দিচ্ছে ঘূর্ণাবর্ত, কী ইঙ্গিত দিল হাওয়া অফিস
Weather update: সকালে শীতের আমেজ, নভেম্বরেই কি ঠাণ্ডা পড়বে? কী ইঙ্গিত দিল হাওয়া অফিস
ভোর থেকে শীত শীত অনুভূতি। গায়ে হালকা চাদর জড়িয়েই হাঁটতে বেরোতে হচ্ছে। কিন্তু বেলা বাড়লেই আবার সেই গরম। আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়ে গিয়েছে অক্টোবরের প্রথম থেকেই। অক্টোবরে পারদ পতন হতেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল এবার আগেই শীত পড়বে। কিন্তু সেটা একেবারেই ঘটবে না তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। যতই ভোরে শীতের আমেজ থাকুক কলকাতায় শীত পড়তে সেই ১৫ ডিসেম্বর। কাজেই আপাতত এই শীত শীত আমেজ নিয়েই থাকতে হবে শহরবাসীকে।

শীতের আমেজ
সকাল থেকেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। হালকা চাদর গায়ে বাইরে বেরোতে হচ্ছে। কিন্তু ৮টা বাজলেই কেমন একটা উধাও হয়ে যাচ্ছে সেই শীতের আমেজ। গরমের চোটে চাদর খুলে রাখতে হচ্ছে। যদিও ছায়ায় দাঁড়ালে একটা ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে। গরমের সেই তীব্রতা নেই। তবে নভেম্বর বলে শীতের তেমন প্রভাবও নেই। দিনভর ঘাম নিয়েই কাটছে। বিকেল থেকে ফের একটু ঠান্ডা আমেজ।

শীত কবে থেকে
আবহাওয়া বিদরা আগেই জানিয়েছিলেন যে ডিসেম্বরের ১৫ তারিখের আগে কলকাতা শহরে শীত অনুভূত হবে না। কিন্তু হঠাৎ করে অক্টোবরেই ৪ ডিগ্রি পারদ পতন হতেই খুশিতে ছিলেন শহর বাসী। এবার হয়তো তাড়াতাড়ি শীত পড়তে চলেছে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই অঘটন যে ঘটবে না তা আবারও স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়ে দিয়েছেন ১৫ ডিসেম্বরের আগে শহরে শীত পড়ার কোনও সম্ভাবনাই নেই। জাঁকিয়ে শীত পড়তে পড়তে সেই ক্রিসমাস বলেই মনে করা হচ্ছে।

ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে
ডিসেম্বর মাসে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আশঙ্কার খবর শুনিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ বঙ্গোপসাগরে ফের উঁকি দিতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে। সেটি শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তামিলনাড়ু এবং কেরল জুড়ে তৈরি হচ্ছে সেই সাইক্লোনিক লাইন। তার প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।

জেলায় পারদ পতন
শহরে শীতের আমেজ নিয়েই তুষ্ট থাকতে হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ অনেকটাই পড়েছে। গরম পোশাক বেরোতে শুরু করেছে গ্রামাঞ্চলে। সকালে কুয়াশারো দেখা মিলছে। উত্তরবঙ্গেও তাপমাত্রার পতন শুরু হয়ে গিয়েছে। সেখানে শুস্ক অবহাওয়ার কারণে পরিষ্কার আকাশ রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications