দিঘায় প্রবল জলোচ্ছ্বাসে রাস্তায় সমুদ্র! আর মাত্র ১৫০ কিমি দূরে সুপার সাইক্নোন আম্ফান
বাংলার দিঘা উপকূলের খুব কাছে চলে এসেছে সুপার সাইক্লোন আম্ফান। ফলে এই আম্ফান বা আমফান (যাকে নামকরণকারী থাইল্যান্ডের ভাষায় উম্পুনও বলা হচ্ছে)-এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়।
বাংলার দিঘা উপকূলের খুব কাছে চলে এসেছে সুপার সাইক্লোন আম্ফান। ফলে এই আম্ফান বা আমফান (যাকে নামকরণকারী থাইল্যান্ডের ভাষায় উম্পুনও বলা হচ্ছে)-এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়। সমুদ্র রাস্তায় উঠে আসছে। বিশাল বিশাল ঢেউ রেলিং উপচে আছড়ে পড়ছে দিঘার রাস্তায়।

দিঘায় জলোচ্ছ্বাস শুরু, রাস্তায় সমুদ্র
দিঘায় এই মুহূর্তে কোনও পর্যটক নেই। হোটেল মালিক-কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রয়েছেন শুধু উপকূলরক্ষী বাহিনী বা এনডিআরএফের সদস্যরা আর বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আর আছেন কিছু সংবাদকর্মী। যত সময় গড়াচ্ছে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। গর্জনের সঙ্গে আছড়ে পড়ছে ঢেউ।

ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় চলছে দিঘায়
দিঘায় জলোচ্ছ্বাস শুরু হতেই বদলে যেতে শুরু করে আবহাওয়া। দফায় দফায় বৃষ্টি চলছে মঙ্গলবার থেকেই। ঝড় বইছে উপকূলে। বুধবার সকাল থেকে ঝড়ের গতিবেগের পরিমাণ বেড়ে হয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। আর দুপুরের পর থেকেই ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করবে। আম্ফান যত এগিয়ে আসবে ততই বাড়বে ঝড়ের গতিবেগ।

আছড়ে পড়ার পর কত গতিবেগ দিঘায়, জানাল হাওয়া অফিস
আলিপুর হাওয়া অফিসের উপর মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সমুদ্র থেকে স্থলভাগে আছড়ে পড়ার পর আম্ফানের গতিবেগ হবে ১৬৫ কিলোমিটার থেকে ১৭৫ কিলোমিটার। আর সর্বোচ্চ গতিবেগ দাঁড়াবে ১৮৫ কিলোমিটার ঘণ্টায়। দিঘা থেকে সুন্দরবন উপকূল বরাবর হাতিয়া পর্যন্ত এই গতিবেগ থাকবে।

উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাস
হাওয়া অফিস সতর্ক করে দিয়ে জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাস হবে। বুধবার সুপার সাইক্লোন আম্ফান আছড়ে পড়ার দিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূলে ১২ থেকে ১৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে। জোয়ার হলে সাগরের জল উপচে ভূ-খণ্ডে ঢুকে যেতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতোই ভূখণ্ডে ঢুকছে সাগরের জল।












Click it and Unblock the Notifications