Weather Update: বাংলায় তাপপ্রবাহের কারসাজি শেষ এই সপ্তাহেই! বর্ষার আগমনে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি
এদিন কেরলে বর্ষা (South West Monsoon) প্রবেশ করেছে। আর আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করতে চলেছে। যার হাত ধরে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগেই বর্ষার প্রবেশ হতে চলেছে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) সোমবার থেকে কোনও জেলায় তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা আপাতত থাকছে না।
এদিন আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, ১০ জুন পর্যন্ত উত্তরবঙ্গের তিনটি জেলায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। অন্যদিকে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১০ জুন শনিবার থেকে উত্তরবঙ্গের উল্লিখিত পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আর ১১ জুন রবিবার এবং ১২ জুন সোমবার ওই জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যে কারণে সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টি হবে। কার্যত ১১ জুন থেকে উত্তরবঙ্গের এই তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা আপাতত থাকছে না। তবে বৃষ্টি হলেও আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার ১১ জুন পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জেলাগুলিকে বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১১ জুন বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি চলতে পারে সোমবারেও। সোমবার কোনও জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস আপাতত নেই।
এদিনই আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম, মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ু ঢুকে পড়ার অনুকূল পরিবেশ তৈরি। যে কারণে আবহাওয়া দফতরের তরফে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের উদ্দেশে সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন ৮ ও ৯ জুন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications