Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Update: বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে কয়েক পশলা বৃষ্টি হয়। যার ফলে কিছুটা স্বস্তি মেলে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন এই পরিস্থিতি চললেও, বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টি সেরকম থাকবে না।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তরে তামিলনাড়ু এবং দক্ষিণে অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার অভিমুখ উত্তর-পূর্ব দিকে। ২৪ মে সকাল নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। যা আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ মে বিকেল নাগাদ আরও ঘনীভূত হবে উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে।

এছাড়াও একটি ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসছে।
- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জাায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি এবং বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার ও মঙ্গলবার সবহকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবপকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে এর মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
- আবহাওয়া দফতরের সতর্কবার্তা
এক সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ মে থেকে বাংলার উপকূল উত্তাল থাকতে পারে। যে কারণে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ মে থেকে ২৬ মের মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.৩) | ২৩.৫ (২৫.১) |
| বহরমপুর | (৩৪.২) | ২৪ (২৭.৬) |
| বাঁকুড়া | (৩৬.৬) | ২৬.৫ |
| বর্ধমান | (৩৭) | ২৫ (২৪.৬) |
| কোচবিহার | (৩৬.১) | ২৬.৭ (২৫.৫) |
| দার্জিলিং | (২১) | ১৫.৪ (২৪.৪) |
| কালিম্পং | (২৫) | ২০.৫ (২০) |
| দিঘা | (৩৫.৮) | ২৮.৬ (২৪.২) |
| কলকাতা | (৩৪.১) | ২৮.৭ ( ২৫.৯) |
| দমদম | (৩৫) | ২৮.৪ (২৫.৫) |
| কৃষ্ণনগর | (৩৫.২) | ২৮ (২৩.৬) |
| মালদহ | (৩৫.৩) | ২২.৯ (২৬.৭) |
| মেদিনীপুর | ------------- | ২৮.৩ |
| পুরুলিয়া | (৩৫.৫) | ২৪.১ (২৪.১) |
| পানাগড় | (৩৭.৮) | ২৭.৮ (২৬.৫) |
| শ্রীনিকেতন | (৩৬) | ২২.৬ (২৪.৮) |












Click it and Unblock the Notifications