ফেব্রুয়ারির শেষে আবহাওয়ার চমক! উত্তরে বজ্রসহ বৃষ্টি, দক্ষিণে বাড়বে গরম, কেমন থাকবে আবহাওয়া?
সকালে হালকা ঠান্ডার অনুভূতি, আর দুপুর গড়াতেই বাড়ছে গরম। কয়েকদিন ধরেই ঠিক এরকমটাই আবহাওয়া চলছে। আবার এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি-তে আজ বৃষ্টি হতে পারে। আগামীকালও দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী চার দিনের মধ্যে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে এখনিই দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির দেখা নেই। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রায় একই থাকবে। তবে আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণের কোনও কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনও বদল না হলেও আগামী সোমবার থেকে গরম আরও বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রাও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও নদিয়া-তেও আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।
অর্থাৎ সব মিলিয়ে, বৃষ্টির স্বস্তি এখনই শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি জেলাতেই সীমাবদ্ধ। দক্ষিণবঙ্গে গরম বাড়ার ইঙ্গিত স্পষ্ট।












Click it and Unblock the Notifications