ঘূর্ণিঝড় গুলাব সরতেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের দুর্যোগের আশঙ্কা
ঘূর্ণিঝড় গুলাব বাংলায় সেরকম কোনও প্রভাব ফেলতে পারেন। তবে চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। দিন দুয়েক আগে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির কথা বলা হলেও, রবিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ
ঘূর্ণিঝড় গুলাব বাংলায় সেরকম কোনও প্রভাব ফেলতে পারেন। তবে চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। দিন দুয়েক আগে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির কথা বলা হলেও, রবিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন সকালেই আকাশ কালো করে আসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। সেখানেই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও না কোনও জায়গায় বর্ষার বৃষ্টি হবে। আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে দু-একটি জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে । দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এইসব জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা
মৎস্যজীবীদের প্রতি দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ঘূর্ণিঝড় গুলাব চলে গেলেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, মায়ানমার উপকূলের কাছাকাছি এলাকায়। তবে তার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। এই মূহুর্তে সমুদ্র উত্তাল রয়েছে। তাই পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, তার জন্য অনুরোধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.১
বালুরঘাট ২৭.৬
বাঁকুড়া ২৪.৩
ব্যারাকপুর ২৬.৪
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.২
দার্জিলিং ১৫.৫
দিঘা ২৪.৪
কলকাতা ২৬.১
মালদহ ২৮.৪
পানাগড় ২৪.৯
পুরুলিয়া ২৪.১
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ২৪.৮

মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখা এখনও তার নির্দিষ্ট অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। আগামী চার থেকে পাঁচ দিন এই অবস্থানেই থাকবে সেটি। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি জয়সলমীর, কোটা, সাগর, রায়পুর,হয়ে ওড়িশার গভীর নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ হয়ে পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উপকূল অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা, বিদর্ভে ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওড়িশার দক্ষিণের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়ালসীমাতেো। ২৮ সেপ্টেম্বর নাগাদ হাল্কা থেকে মাঝারি, আবার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সৌরাষ্ট্র, কচ্ছ এবং মারাঠাওয়াড়ায়। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কেরল ও মাহেতে। লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টডির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications