বৃষ্টির ইনিংস শুরু সপ্তাহান্তেই, সঙ্গে জাঁকিয়ে শীত! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
শীতের দাপট কখনও বাড়ছে, আবার কখনওবা কমছে। শীতকালে পিকনিক-প্রিয় বাঙালি আপাতত শীতের মাঝে গরম-ঠান্ডার রোলার কোস্টার রাইডে নাজেহাল! এদিকে, শহর কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে বেড়েছে ১ ডিগ্রি। সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়াল আবহাওয়ার পূর্বাভাস কী বলছে , দেখে নেওয়া যাক।

বৃষ্টির দাপট আসন্ন
এই সপ্তহের শেষ থেকেই বাংলার বেশ কিছু জায়গায় বৃষ্টির ব্যাটিং দেখা যাবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবারই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বহু জায়গায়। এদিকে, ফের আবার রবিবারেও বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে।

ঝড়, বৃষ্টি ও শৈত্যপ্রবাহের দাপট
প্রসঙ্গত, উত্তরভারতের একাধিক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। ইতিমধ্যেই পাঞ্জাব ও হরিয়ানার মতো জায়গায় প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তারসঙ্গে নতুন করে ঝড়বৃষ্টির দাপট শুরু হবে বলেও পূর্বাভাস রয়েছে। এই আবহাওয়ার নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

শৈত্যপ্রবাহ, রবিবার থেকে উত্তুরে হাওয়া !
এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় রবিবার থেকেই উত্তুরে হাওয়া ঢুকতে পারে। তারফলে জাঁকিয়ে শীত আসন্ন বলে ধরে নেওয়া যেতে পারে! তবে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা পারদ বৃদ্ধির দিকে যাবে। এদিকে, জানা যাচ্ছে রাজ্যের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বজায় থাকছে আপাতত। উত্তরবঙ্গের বহু জেলায় ঘন কুয়াশার আস্তরণ থাকতে পারে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য়ের উত্তর অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং , জলপাইগুজড়ি, কালিম্পংয়ে। বৃষ্টিস্নাত হতেপারে সিকিম ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে মালদা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। শনিবারেও সাধারণত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে, রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি ছিল। তার আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি। এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৭
বালুরঘাট ১১.৪
বাঁকুড়া ১১.১
ব্যারাকপুর ৯.২
বহরমপুর ১৩.২
বর্ধমান ১২.৮
দার্জিলিং ৪.৬
কালিম্পং ৬.৫
কৃষ্ণনগর ৮.৮
পুরুলিয়া ৮.৭
শ্রীনিকেতন ৯.৯












Click it and Unblock the Notifications