Weather Update: পুজোর মুখে আকাশের মুখ ভার? কতদিন চলবে বৃষ্টি জেনে নিন
সকাল থেকে মেঘে ঢেকেছে আকাশ। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে ফের বৃষ্টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তারপরে আবার সামনেই দুর্গাপুজো।
কতোদিন চলবে এই বৃষ্টি এই নিয়ে উদ্বেগে সকলে। পুজো একেবারে শিয়রে। দোকানে বাজারে ভিড় প্রতিদিন বাড়ছে। তার মধ্যে এভাবে দফায় দফায় বৃষ্টিতে দোকানিদের পাশাপাশি সাধারণ মানুষেরও দুর্ভোগ বাড়ছে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তার সঙ্গে পুজো প্যান্ডেলগুলিতে ফিনিশিংয়ের কাজ হচ্ছে সেগুলিও ধাক্কা খাবে।

বিশ্বকর্মা পুজোর সময়ই লাগাতার চার-পাঁচ দিন বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিললেও সেই বৃষ্টির জেরে বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। ঘাটাল, হাওড়া, এগরা সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ ঘর ছাড়া হয়েছেন। এই নিয়ে ডিভিসির সঙ্গে রাজ্য সরকারের তুমুল বিরোধ তৈরি হয়েছে। ডিভিসির সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে জল ছাড়ায় রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন তিনি।
সেই নিম্নচাপের রেশ কাটতে না কাটতে অসহনীয় গরমে পুড়তে শুরু করেছিল গোটা বাংলা। আবার নিম্নচাপ এসে হাজির। গতকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে গিয়েছিল। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবারেও হবে বৃষ্টি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও হবে বৃষ্টি। তবে অপেক্ষাকৃত কম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শিলিগুড়ির তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। অসহনীয় গরমে হাসফাঁস করছিল উত্তরবঙ্গ।
অবশেষে বৃষ্টিতে সেই গরম থেকে রেহাই মিলবে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications