পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই শীতের নয়া ইনিংস শুরু নতুন বছরে, কিন্তু কতদিন! মিলল পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই শীতের নয়া ইনিংস শুরু নতুন বছরে, কিন্তু কতদিন! মিলল পূর্বাভাস
বাংলায় শীত মুখ ফিরিয়েছিল সেই বড়দিন থেকে। বর্ষবরণেও শীত উধাও ছিল। এবার পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় ফের শীত লম্বা ইনিংস খেলার জন্য তৈরি হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই ফের অনুভূত হচ্ছে শীত। রাজ্যজুড়েই উত্তরে হাওয়ার পরশ লাগতে শুরু করেছে। সেই উত্তরে হাওয়ার হাত ধরেই পারদ নামতে শুরু করেছে।

পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই
হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.৫-এ। বর্ষশেষে যে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির উপরে। বছর ঘুরতেই তা কমে সাড়ে ১৩। এই তাপমাত্রা একেবারে স্বাভাবিক। তা আরও কমবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তা এতদিন ঊর্ধ্বমুখী ছিল। সেই বাধা কেটে গিয়েছে একেবারেই।

নামতে শুরু করেছে পারদ
আবহবিদরা জানিয়েছেন, এবার ধীরে ধীরে নামবে পারদ। কলকাতা-সহ জেলাগুলিতেও ঠান্ডা পড়তে শুরু করেছে জাঁকিয়ে। ১ জানুয়ারিতে বেশ ঠান্ডা অনুভূত হয়েছিল। রাতের দিকে নামতে শুরু করেছে পারদ। আগামী কয়েকদিনও পারদ নামবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নামতে শুরু করেছে তাপমাত্রা।

নতুন বছরের শুরু থেকেই
শীত যে নতুন বছরে দাপুটে ইনিংস খেলবে, তার ইঙ্গিত মিলতে শুরু করেছে প্রথম দিন থেকেই। পারদ নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কমেছে বাংলায়। আর সর্বনিম্ন তাপমাত্রা নতুন বছরে নামতে শুরু করেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রবিবার তাপমাত্রা কমে ১৩.৫ ডিগ্রিতে নামব। এই তাপমাত্রা স্বাভাবিক।

উত্তরে হাওয়া প্রবেশে শীত
আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরে যেতেই উত্তরে হাওয়া প্রবেশ করছে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে সেই হাওয়া প্রবেশ করে পারদ নামিয়ে দিচ্ছে। নতুন বছরে প্রথম দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। রবিবার ভোরের দিকে ঘন কুয়াশা ছিল, আকাশ পরিষ্কার-পরিচ্ছন্ন। রৌদ্রকরোজ্জ্বল।

শীতের কামড় কতদিন, আভাস
তবে শীতের কামড় কতদিন থাকবে তা স্পষ্ট করে বলেননি আবহবিদরা। উত্তর-পশ্চিম ভারতের শৈতপ্রবাঙ থাকে বাংলার শীতের নেপথ্যে। সেই শৈত্যপ্রবাহে বাধা এলেই পারদ চড়তে শুরু করে। সই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই। কারণ মঙ্গলবার ফের কাশ্মীরে প্রবেশ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলে ফের উত্তরে হাওয়ায় বাধা সৃষ্টি হতে পারে।

শীত হাওয়া হয়ে যাবে ফের
সেক্ষেত্রে বুধ-বৃহস্পতিবারের পর থেকে ফের চড়তে পারে বাংলা-সহ পূর্বাঞ্চলের পারদ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আর তার বিপরীত আবহাওয়া পূর্বাঞ্চলে। এখন উত্তরে হাওয়া ঢুকছে বাংলায়। কিন্তু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলে ফের শীত হাওয়া হয়ে যাবে বাংলা থেকে।












Click it and Unblock the Notifications