বঙ্গোপসাগরে ফের ফুঁসছে ঘূর্ণাবর্ত, দীপাবলির মুখে কড়া সতর্কবার্তা হাওয়া অফিসের
দীপাবলির আগে বাংলার আকাশে কালো মেঘ বিরাজ করছে। সৌজন্যে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। সেই নিম্নচাপ ফুঁসতে শুরু করেছেঘূর্ণাবর্তের রূপ নিয়ে, তারই জেরে শুরু হয়েছে বৃষ্টি।
আবারও দুর্যোগের পূর্বাভাস। দীপাবলির আগে বাংলার আকাশে কালো মেঘ বিরাজ করছে। সৌজন্যে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। সেই নিম্নচাপ ফুঁসতে শুরু করেছেঘূর্ণাবর্তের রূপ নিয়ে, তারই জেরে শুরু হয়েছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

দুর্গাপুজোর আগে 'তিতলি' হানার পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছিল। ভোররাতে বেশ শীত শীত ভাব। এই শীত যে আসলে শীত নয়, তা নিম্নচাপ ও তিতলির জেরেই, জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। সেই শীত হাওয়া বঙ্গোপসাগরের ঘণীভূত নিম্মচাপের ফলে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ কাটলে ফের শীত পড়তে পারে। তবে পাকাপাকি শীত প্রবেশ করার এখনও দেরি রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে। রবিবার থেকেই বাংলার আকাশে মেঘের ঘনঘটনা। দু-এক পশলা বৃষ্টি হয়েছে। সোমবারও আকাশ মেঘলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। বইবে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া-হুগলি, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের আগে এই অবস্থা কাটার কোনও লক্ষণ নেই।
একইসঙ্গে হাওয়া অফিস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। বঙ্গোপসাগরে নিম্নচাপ ফুঁসছে, তাই সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে একেবারেই না নামেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications