উত্তরকে ভাসিয়ে এবার দক্ষিণকে ভেজাতে এসে গেল বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই উত্তরের পর দক্ষিণও ভাসল বৃষ্টিতে। বিকেলের পরই আকাশের মেঘের ঘনঘটা সেই আভাস দিচ্ছিল। সন্ধ্যার পরই শান্তির বৃষ্টি নামল কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই উত্তরের পর দক্ষিণও ভাসল বৃষ্টিতে। বিকেলের পরই আকাশের মেঘের ঘনঘটা সেই আভাস দিচ্ছিল। সন্ধ্যার পরই শান্তির বৃষ্টি নামল কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি নামে।

মৌসুমী অক্ষরেখার জেরে বৃষ্টি দক্ষিণবঙ্গে
আবহবিদরা জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার জেরে এই বৃষ্টি। ওড়িশার উপর ঘূর্ণাবর্ত বিরাজ করছে। রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতো শনিবার সন্ধ্যার পরই বৃষ্টি শুরু হয়।

বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে
হাওয়া অফিস জানিয়েছে, ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে।

ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
শনিবার উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইমতো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে রবিবারও।

সপ্তাহভর বৃষ্টি চলবে দুই বঙ্গে
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ১০ দিনে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হবে ১৫০ মিলিমিটারেরও বেশি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর বৃষ্টি চলবে। অর্থাৎ এ সপ্তাহে ঘনঘোর বর্ষা চলবে।












Click it and Unblock the Notifications