জোড়া ফলায় ফের দুর্যোগের ভ্রূকুটি, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
জোড়া ফলায় বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। শুধু বাংলা নয় দেশজুড়েই বৃষ্টির প্রভাব বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে দেশে।
জোড়া ফলায় বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। শুধু বাংলা নয় দেশজুড়েই বৃষ্টির প্রভাব বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে দেশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতে সতর্কতা
ধারাবাহিক বৃষ্টি হতে থাকলেও গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েইছে। ফলে আবহাওয়ার এই ভারী বৃষ্টির পূর্বাভাস খানিক স্বস্তিরই। তবে আশঙ্কাও থাকছে জোরদার। এবার বজ্রপাতের পরিমাণ অত্যধিক। ফলে মেঘ করলেই আশঙ্কা তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর, বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কোথায় ভারী বৃষ্টি, কোথায় মাঝারি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আরও। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহারে। অন্যান্য জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

বৃষ্টি বাড়ার সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের
বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। তবে এদিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

জোড়া নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়া দফতরের
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ শক্তিশালী হচ্ছে। গুজরাট থেকে আর একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত। মধ্য ভারতের উপর এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থান।

ভারতজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি
এদিকে এই জোড়া নিম্মচাপের প্রভাবে উত্তর ভারতে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ১৯ জুনের পর থেকে থমকে গিয়েছিল মৌসুমী বায়ু। ফলে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বাকি অংশে আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে। এরপর গোটা ভারতজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হবে।

গোটা দেশের সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতেও
আইএমডি জানিয়েছে, গোটা দেশের সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতেও। তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির প্রকোপ অপেক্ষাকৃত কম থাকবে। প্রধানত বৃষ্টি বাড়বে মধ্য ও দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আবহবিদরা জানিয়ছেন, বৃষ্টিপাত এবার স্বাভাবিক হবে। সেইমতোই এগোচ্ছে পরিস্থিতি। মাঝে শুধু কিছুদিন মৌসুমী বায়ু থমকে গিয়েছিল ভারতের উত্তর-পশ্চিমে বিস্তারের আগে।












Click it and Unblock the Notifications