বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, আবহাওয়া অফিসের পূর্বাভাসে জারি লাল সতর্কতা
মূষলধারে বৃষ্টির পূর্বভাস দিল হাওয়া অফিস। উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাস জারি করেছে।
মূষলধারে বৃষ্টির পূর্বভাস দিল হাওয়া অফিস। উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাস জারি করেছে। উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্যও।

কোথাও লাল সতর্কতা, কোথাও কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে জারি হয়েছে কমলা সতর্কতা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে ধস নামার আশঙ্কা
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত এমনি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে ধস নামার আশঙ্কা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিন আগেই বৃষ্টির জেরে ধস নেমে দুর্ঘটনা ঘটেছে কালিম্পংয়ে।

উত্তরে ভারী, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গ যখন আকাশভাঙা বৃষ্টিতে ভাসবে, তখন দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গরম এবং বর্ষা উভয়েই দীর্ঘস্থায়ী হবে
আবহবিদরা বলছেন, এবার শীত যেমন দীর্ঘস্থায়ী ছিল, তেমনই গরম এবং বর্ষা উভয়েই দীর্ঘস্থায়ী হবে। বর্ষা নামলেও গরমের দাপট থাকবে অব্যাহত। বর্ষা তো এবার রেকর্ড হবে বলে জানিয়েছেন আবহবিদরা। সেইমতো আষাঢ়ের মাঝপথেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে বিক্ষিপ্ত।












Click it and Unblock the Notifications