Weather News: জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে? কবে দেখা মিলবে বৃষ্টির, বড় খবর শোনাল হাওয়া অফিস
প্রবল দহন পুড়ছে রাজ্য। সব জেলাতেই প্রায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কবে আসবে বর্ষা সেই অপেক্ষায় দিন গুণছে গোটা দেশ। যদিও কেরল, কর্নাটক সহ পশ্চিমের একাধিক রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
কিন্তু আপাতত রাজ্যে গরম থেকে মুক্তির কোনও আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা এবং দুই ২৪ পরগনা ছাড়া রাজ্যের প্রায় সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যে তাপপ্রবাহের রেশ আরও বেশ কয়েকদিন জারি থাকবে। শনিবার পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ গরম থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। কয়েকদিন আগে তো কলকাতার তাপমাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল উত্তরের শিলিগুড়ি। তীব্র দহনে সেখানকার বাসিন্দাদের জেরবার দশা।

এর আগে পর্যন্ত এতোটা গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতি উত্তরবঙ্গে তৈরি হয়নি। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পাহাড়ি এলাকা গুলিতেও গরমের দাপট বেড়েছে। পর্যটকরা গরম থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন। কিন্তু পাহাড়ে গিয়েও গরম থেকে রেহাই মিলছে না। সেখানেও ফ্যান চালাতে হচ্ছে। দুপুরে ঘুরতে বেরিয়ে আর গরম পোশাক পরতে হচ্ছে না। বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে গরম পোশাক। হালকা জামাকাপড়েই দিব্য ঘুরে নেওয়া যাচ্ছে পাহাড়।
এই গরমের দাপটে উত্তরবঙ্গের চা চাষের ব্যপক ক্ষতি হয়েছে। এই সময় কচি পাতা বেরোতে শুরু করে চা-গাছে। কিন্তু গরমের দাপটে সেই কচি পাতা শুকিয়ে যাচ্ছে। যার ফলে চা-পাতা বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। এই সময় উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু এবার সেকরকম কোনও সম্ভাবনাই নেই। ফলে চা -চাষের ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন চা-বাগানের মালিকরা।
এদিকে দক্ষিণবঙ্গের সবজেলার পরিস্থিতি আরও সংকটজনক। প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসের প্রথম থেকেই এই তীব্র গরমের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা এবং কলকাতা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। তবে কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় গরমের পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে।
শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকার পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। সকালে এবং রাতে অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা খুব ক্ষীন বলেই জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শুধু পশ্চিমবঙ্গ নয় তাপপ্রবাহ চলছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড , অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়া তাপপ্রবাহের পাশাপাশি দুপুর লু বইবে। বর্ষা কবে আসবে সেদিকে তাকিয়ে রয়েছে মৌসম ভবন। ৫ জুন কেরলে বর্ষা প্রবেশ করার কথা ছিল। কিন্তু আরব সাগরে নতুন তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় সব জলীয় বাষ্প শুষে নিয়ে যাচ্ছে তার জেরে বর্ষার প্রবেশে এই বিলম্ব।












Click it and Unblock the Notifications