Weather news: মার্চেই বইবে লু, ১৫ তারিখ থেকে আবহাওয়া বদলের বড় খবর শোনাল হাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
মার্চ মাসেই ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসী। গরমের দাপতে তাপমাত্রা চড়েছে ৩০ ডিগ্রির উপরে। সেই ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পূর্বাভাসে হালকা বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে ১৫ মার্চ থেকে আবহাওয়ার বড় বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির পূর্বাভাস
প্যাচপ্যাচে ভ্যাপসা গরমে থেকে সাময়িক ভাবে রেহাই মিলবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাতে কিছুটা হলেও গরমের দাপট কমবে তাতে কোনও সন্দেহ নেই।

কোন কোন জেলায় বৃষ্টি
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়াতেই পরিবর্তন এসেছে। মেঘে ঢেকেছে আকাশ। রাতের দিতে তাপমাত্রা কিছুটা কমছে। অর্থাৎ গরম কম অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় তাপামাত্রার তেমন হেরফের দেখা যাচ্ছে না। ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমবে রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মার্চেই বইবে লু
হালকা বৃষ্টির জেরে তাপমাত্রার সামান্য পতন হলেও আশার কথা শোনায়নি হাওয়া অফিস। উল্টে উদ্বেগের কথা শুনিয়েছে। কারণ মার্চ মাসেই গরমের দাপট এতটাই বাড়বে যে লু বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মার্চ মাসের ২০ তারিখের পর থেকে রেকর্ড গরম পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের একাধিক জেলায় তাপ প্রবাহ শুরু হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের বেশকিছু জেলায় লু বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উষ্ণতম ফেব্রুয়ারির পর এবার উষ্ণতম মার্চ দেখতে চলেছেন রাজ্যবাসী।

কালবৈশাখীর দাপট কবে থেকে
এবার যেমন সবই একটু আগে আগে হচ্ছে। তেমনই কালবৈশাখীও আগে থেকে শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীত যেমন সময়ের আগে পড়েছিল। গরমও এসেছে সময়ের আগেই। আবার বর্ষাও এবার সময়ের আগেই ঢুকে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেকারণে এপ্রিল মাসের প্রথম থেকেই কালবৈশাখীর দাপট শুরু হয়ে যাবে রাজ্যে। তার জেরে গরমের দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজ্যবাসী। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications