Durga Puja Weather: পুজোয় সাত জেলায় বৃষ্টি? কেমন থাকতে চলেছে দুর্গা পুজোর ৪ দিনের আবহাওয়া
Durga Puja Weather: দুর্গা পুজো। বাংলা তথা বাঙালির সব থেকে বড় উৎসব। সেই উৎসবে আনন্দ অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপরে। কোনও কোনও বারে দুর্গা পুজোয় বৃষ্টি পেয়েছে বাংলার মানুষ। আর এবার অক্টোবরের শুরুর দুর্যোগও দেখে পশ্চিমবঙ্গবাসী।
দুর্গা পুজোর চারদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, তা নিয়ে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এব্যাপারে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু আলাদাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর অর্থাৎ পরবর্তী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া সম্ভাবনা।
২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর অর্থাৎ শনিবার সপ্তমী থেকে মঙ্গলবার দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর অর্থাৎ পরবর্তী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
২১ অক্টোবর ও ২২ অক্টোবর অর্থাৎ পরবর্তী শনিবার ও রবিবার অর্থাৎ সপ্তমী ও অষ্টমীতে জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে।
২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর অর্থাৎ পরবর্তী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় হাল্কা থেকে অতি হাল্কা বৃষ্টিপাতের ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
এই একই সময়ে বাকি জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং আকাশ অংশত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এব্যাপারে পরবর্তী আপডেট দেওয়া হবে ১৬ অক্টোবর সোমবার।












Click it and Unblock the Notifications