হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বাংলার একাধিক জায়গায় বৃষ্টি, বর্ধমানে জমল জল! একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: বৃহস্পতিবার রাজ্যে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে। এর মধ্যে বর্ধমানে প্রায় দু'ঘন্টার বৃষ্টিতে জল জমে যায়। কলকাতা-সহ যেসব জায়গায় বৃষ্টি হয়নি, সেইসব জায়গায় দিনের বেলায় ঘন কুয়াশায় ঢাকা। এই আবহাওয়ার জেরে রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও বুধবারের পরে এদিনও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় সারাটা দিনই হাড় কাঁপানো শীত অনুভব হচ্ছে।
বুধবার রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি কম। আসানসোল সর্বোচ্চ তাপমাত্রা যেখানে স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম, সেখানে বহরমপুরে কম আট ডিগ্রি। বাঁকুড়ায় সাত, বর্ধমানে আট, কোচবিহারে ছয়, কলকাতায় ছয়, কৃষ্ণনগরে ছয়, মালদহে নয় ডিগ্রি কম ছিল। এদিনও কমবেশি একই পরিস্থিতি। তবে শুক্রবার বেলার দিক থেকে পরিস্থিতির কিছুটাস উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং-এ বৃষ্টি কিংবা তুষারপাত এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শীতল দিন এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন সবকটি জেলাতেই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। শুক্রবার হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২, যা স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১২.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১২ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনের বেলায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও বিকেল কিংবা রাতের দিকে মেঘলা থাকবে। আর ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (১৯) | ১৩.৪ (১২.৪) |
| বহরমপুর | (১৭.৬) | ১০ (১০) |
| বাঁকুড়া | (১৮.৫) | ১২.৬ (১০.৬) |
| বর্ধমান | (১৮) | ১২ (৯.৮) |
| কোচবিহার | (১৭.৬) | ৭.৯ (১২.৪) |
| দার্জিলিং | (১১.৪) | ২.৬ (৪.৪) |
| কালিম্পং | (১৪) | ৯.৫ (৯.৫) |
| দিঘা | (২৪.৭) | ১৬.৫ (১৫.৪) |
| কলকাতা | (২০.৩) | ১৬.৩ (১৩.৪) |
| দমদম | (১৯) | ১৪.৬ (১২.১) |
| কৃষ্ণনগর | (২০.৪) | ১১.৮ (১১.২) |
| মালদহ | (১৫) | ১০.৭ (১১.৫) |
| মেদিনীপুর | (২০) | ১৬ (১৩.৫) |
| পুরুলিয়া | (২৬.৩) | ১১.১ (৮.১) |
| শিলিগুড়ি | ---------- | ১০.২ (১০.৬) |
| শ্রীনিকেতন | (১৭.৮) | ১২ (১১.৪) |
| সুন্দরবন | (২৪) | ১৫.২ (১২) |












Click it and Unblock the Notifications