বাংলার ১৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আরও শীতল হবে আবহাওয়া, সতর্কবার্তা হাওয়া অফিসের
Weather Alert: শীতের মধ্যেই বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বুধবার রাজ্যের তেরোটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বৃষ্টির পরে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা হ্রাসের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি নিচে। এর মধ্যে বহরমপুরে ছিল সাত ডিগ্রি কম। বাঁকুড়ায় ছয় ডিগ্রি কম। বর্ধমানে তিন, কলকাতায় ছয়, কৃষ্ণনগর ও মালদহে পাঁচ ডিগ্রি। শ্রীনিকেতনে সাত ও সুন্দরবনে দুই ডিগ্রি কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী দু'দিনে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদের আবহাওয়া শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের বাকি ১৩ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী দু'দিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের আশপাশে ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১২, যা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ৮.৪ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৮ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৩.৩) | ১০.১ (৯) |
| বহরমপুর | (১৮) | ৯.৬ (১০) |
| বাঁকুড়া | (২১.৮) | ৮.৪ (৮) |
| বর্ধমান | (২৩) | ৮.৬ (৮.৮) |
| কোচবিহার | (১৯.৯) | ৭.১ (৬.১) |
| দার্জিলিং | (১২.৪) | ৩.৮ (২.৮) |
| কালিম্পং | (১৩) | ৮ (৮.৫) |
| দিঘা | -------- | ১১.৪ (১২.৩) |
| কলকাতা | (১৯.৮) | ১১.৮ (১২.১) |
| দমদম | ---------- | ১০.৯ (১০.৮) |
| কৃষ্ণনগর | (২০) | ৮.৮ (১১.৪) |
| মালদহ | (১৮.৮) | ১০.২ (১০.৯) |
| মেদিনীপুর | (২২.৪) | ১১.১ (১১.১) |
| পুরুলিয়া | (২৩.৩) | ৫.৮ (৭.১) |
| শিলিগুড়ি | (২৪.৮) | ৬.৮ |
| শ্রীনিকেতন | (১৯.২) | ৮ (৯ ) |
| সুন্দরবন | (২৩.৫) | ১২ (১২.৫) |












Click it and Unblock the Notifications