Weather Alert: অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মিচাং, জারি লাল সতর্কতা! বাংলার জেলাগুলিতে তিন দিন বৃষ্টি পূর্বাভাস
Weather Alert: অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম)। এই মুহূর্তে তার অবস্থান পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে। অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু-পুদুচেরিতে ঘূর্ণিঝড়ের কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল চেন্নাই থেকে ৯০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে, নেল্লোর থেকে ১৭০ কিমি দক্ষিণ-পূর্বে, পুদুচেরি থেকে ২০০ কিমি উত্তর-পূর্বে, বাপাতলা থেকে ৩০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং মছলিপত্তনম থেকে ৩২০ কিমি দক্ষিণে।

ধীরে ধীরে এর বেগ বৃদ্ধি পাবে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর অগ্রসর হবে। যা মঙ্গলবার বিকেলে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বাপাতলার কাছে নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে উপকূল অতিক্রম করবে। সেই সময় এই অতিপ্রবল ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি। দমকা হাওয়া বেগ থাকতে পারে ঘন্টায় ১১০ কিমি।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান জেলায়।
বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই সময় দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায়। আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।












Click it and Unblock the Notifications