WBCHSE: উচ্চমাধ্যমিকে পরীক্ষার হলে রাখা যাবে না ক্যালকুলেটর? কবে থেকে এই নিয়ম চালু ?
পরীক্ষার অঙ্কের সমাধান, হিসেব মেলাতে, পরিমাপ করতে ক্যালকুলেটরের জুড়ি নেই। পরীক্ষার হলে ক্যালকুলেটর সঙ্গে থাকলে সমাধানে সুরাহা হয়৷ তবে এবার সেই ক্যালকুলেটর মানা হল৷ পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটর।
উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় ক্যালকুলেটর নিষিদ্ধ হল। পশ্চিমবঙ্গের WBCHSE এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কবে থেকে এই নিয়ম কার্যকরী হতে চলেছে?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এই সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পদক্ষেপ বলে দাবি। বোর্ড কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা আর হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। ২০২৬ থেকে এই নিয়ম কার্যকরী হচ্ছে। কোনও সেমিস্টার পরীক্ষাতেই আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (পরীক্ষা) রেগুলেশনস ২০২৪ -এর ধারা ১৮(১) অনুসারে এই সিদ্ধান্ত। কাউন্সিল সেমিস্টারের অধীনে পরীক্ষায় যে কোনও ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির চারটি সেমিস্টার পরীক্ষা হয়।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায়
ক্যালকুলেটর ব্যবহার করা হয় না৷ সেই পরীক্ষার জন্য রাজ্যের পরীক্ষার্থীরা যাতে পাল্লা দিতে পারে। তারই প্রস্তুতি হিসেবে ক্যালকুলেটর বাতিলের সিদ্ধান্ত। কাউন্সিল আশ্বাস দিয়েছে, নতুন সেমিস্টার ভিত্তিক প্রশ্নপত্র এমনভাবে তৈরি হবে, যেখানে ক্যালকুলেটরের প্রয়োজনীয়তা হ্রাস পায়। যে সব বিষয়ের জন্য জটিল ক্যালকুলেটর প্রয়োজন। সেক্ষেত্রে কী হবে? কাউন্সিল জানিয়েছে, সেক্ষেত্রে প্রয়োজনীয় মানগুলি প্রশ্নপত্রের মধ্যেই দেওয়া হবে।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষাগুলি পুরনো সিলেবাস অনুসারেই হবে। পড়ুয়াদের তত্ত্ব এবং ব্যবহারিক উভয় পরীক্ষায় পূর্ববর্তী নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে। ২০২৬ সাল থেকে নতুন সিলেবাস ও সেমিস্টার পদ্ধতি কার্যকর হবে। বাতিল হবে ক্যালকুলেটর৷












Click it and Unblock the Notifications