বুথ ফেরত সমীক্ষা যাই বলুক উলাটপূরাণ হবে ১৯ মে, আত্মবিশ্বাসী সিপিএমের শীর্ষ নেতৃত্ব
কলকাতা, ১৮ মে : ১৬ মে বাংলার নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছে ফের বাংলা সবুজ হবে তৃণমূলের রংয়ে। স্বমহিমায় ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আইবি রিপোর্টেও আভাস মমতার জয়েরই।
গোটা বিষয়টা জানার পরও নীরবই ছিল সিপিএম। তবে বুথ ফেরত সমীক্ষার ফল বেরনোর এক দিন পর ফের নিজেদের জয় নিয়ে আশা প্রকাশ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। নিজের পুরনো অবস্থান থেকে না সরে ফের একবার জানিয়ে দিলেন জোট ২০০ আসনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে। পাশাপাশি নিজের চিন্তা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, বুথ ফেরত সমীক্ষা তো আর শেষ কথা নয়। অনেকবারই দেখা গিয়েছে এই ধরণের সমীক্ষার ফল মেলেনা। এবারেও মিলবে না। ১৯ মে সমীক্ষার ফলের উলাটপূরাণ হবে।

বুথ ফেরত সমীক্ষার ফল জানার পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, সূত্রের খবর, দলের অন্দরে ইতিমধ্যে উৎসবের মেজাজ। যদিও দলের কড়া নির্দেশে তা জাহির করার জায়গা আপাতত বন্ধ। অন্যদিকে ঠিক এর উল্টো চিত্র সিপিএম অন্দরে। বুথ ফেরত সমীক্ষার ফলে জোড়া ফুলের ফের ক্ষমতায় ফেরার আভাসে খানিকটা মুষড়ে পড়েছেন নিচুতলার বাম কর্মীরা। ১৯ মে পর্যন্ত তাদের মনোবল ধরে রাখতেই এখন ফাটা রেকর্ড বাজাচ্ছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব, যদিও মনে মনে হারের জন্য আপাতত নিজের প্রস্তুত করে ফেলেছে বলেই ধারনা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
সম্প্রতি দলীয় এক সভায় দলের অন্যান্য কর্মীদের উদ্বেগ প্রকাশ করার কথা স্বীকারও করে নেন সূর্যবাবু। তিনি বলেন, "বুথ ফেরত সমীক্ষার ফল বেরনোর পর থেকে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, 'এগজিট পোলে এই দেখিয়েছে, ওই দেখিয়েছে, তবে কি এবার আর আমাদের ক্ষমতায় আসা হচ্ছে না?', আমি ওদের বলেছি, মানুষ স্বেচ্ছাচার, স্বৈরাচারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। যে সমীক্ষাতে যে গাঁজাখুরি গল্পই দেখাক না কেন, আমরাই ক্ষমতায় আসছি।"
বুথ ফেরত সমীক্ষার পাল্টা, জেলার রিপোর্ট দেখিয়ে নিজেদের ক্ষমতায় আসার দাবি করেছেন সূর্যবাবু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "গননার ফল নিয়ে আমাদের ভবিষ্যদ্বানীর সঙ্গে জেলার রিপোর্ট মিলে গিয়েছে। তাই ভয়ের কোনও কারণ নেই বলে দলীয় কর্মীদের অভয় দিয়েছেন সূর্যবাবু।












Click it and Unblock the Notifications