জল কমছে বিভিন্ন জায়গায়, আরামবাগ, ঘাটালে কি বন্যা পরিস্থিতির উন্নতি?
রাজ্যের বন্যা পরিস্থিতির সামগ্রিক কিছু উন্নতি হয়েছে। একাধিক জায়গায় বন্যার জল নামতে শুরু করেছে। নতুন করে আর কোনও জায়গা প্লাবনের কথা শোনা যায়নি। নতুন করে ভারী বৃষ্টি না হলে দিন কয়েকের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে৷ এই কথা মনে করা হচ্ছে।
ঘাটালের বহু এলাকা এবার বানভাসি হয়েছে। রবিবার থেকে অল্প পরিমাণ জল নামার কথা জানা গিয়েছে। ত্রাণ বিলির কাজ চলছে৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় বন্যার জল নামতে শুরু করেছে। মুণ্ডেশ্বরী ও দামোদরের জল কমছে।

ফলে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল ও হুগলির আরামবাগ, গোঘাট, পুরশুড়া অঞ্চলে জল কমছে। তবে রূপনারায়ণের জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে খানাকুল এলাকায় বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। রবিবার আরামবাগে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কৃষি সচিব ওঙ্কার সিং মীনা, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
ঘাটালেও গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ঘাটালের প্রশাসনিক প্রধানরাও উপস্থিত ছিলেন। ঘাটাল শহরে জল নামতে শুরু করেছে। ডেবরা, কাশীপুর, দাসপুর এলাকার জলও কমছে বলে খবর৷ গতকাল সাংসদ দেব ঘাটালে ত্রাণও দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ বিলি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। বাঁধ সারানোর কাজ শুরু হচ্ছে৷ বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে৷
পাঁশকুড়া এলাকাতেও জল নামছে। বিভিন্ন জায়গায় কংসাবতী নদীর বাঁধের ফাটল কাজ শুরু হয়েছে। গোবিন্দনগর, জন্দড়া এলাকায় বাঁধের কাজ চলছে। পুরসভা এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্য সড়কগুলির উপর দিয়ে জল বইছিল। সেই জলও নামতে শুরু করেছে৷












Click it and Unblock the Notifications