মমতার একুশে’র দিনে শক্তি বাড়াল বিজেপি! বিধানসভা ভোটের আগে ঘর গোছানো শুরু
প্রতিবার একুশে জুলাই বিরোধীদের জোর ধাক্কা দিয়ে ঘর গুছিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে কিন্তু দেখা গেল না সেই চিত্র।
প্রতিবার একুশে জুলাই বিরোধীদের জোর ধাক্কা দিয়ে ঘর গুছিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে কিন্তু দেখা গেল না সেই চিত্র। উল্টোদিকে ঘর ভর্তি করে নিল বিজেপি। একা ফুটবলার মেহতাব হোসেন গেরুয়া শিবিরে নাম লেখালেন না, ফের এক সেলেব মুখ যোগ দিলেন পদ্মশিবিরে।

সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বিজেপিতে
মঙ্গলবার কলকাতা ফুটবল ময়দানের পরিচিত মুখ মেহতাব হোসেন বিজেপি অফিসে এসে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁর পাশাপাশি সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন বিজেপিতে। তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে প্রবেশ করেন বিজেপিতে। তাঁর হাতেও বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

আরও দুই বিশিষ্ট মুখ বিজেপিতে
এছাড়া আরও দুই বিশিষ্ট মুখ বিজেপিতে যোগ দেন। তাঁরা হলেন- সর্বভারতীয় রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার টি এন মান্না এবং এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার দীপশিখা আদিত্য। তাঁদেরকেও দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং দিলীপ ঘোষ।

অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ ঋদ্ধি
কলকাতা ময়দানের প্রাক্তন সঙ্গী বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করা ষষ্ঠী দুলের সঙ্গে বিজেপি অফিসে যান মেহতাব। আর ঋদ্ধিও যে বিজেপিতে যোগ দেবেন তার একটা আভাস মিলেছিল কিছুদিন আগে। অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ ঋদ্ধি। তাঁরা দু-জন নজরুল জন্মদিবসে একসঙ্গে গানও গেয়েছিলেন।

এদিন বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ
এভাবেই তৃণমূলের দিনে নিজেদের শক্তি বাড়িয়ে নিল বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, তখন বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ সমসাময়িক রাজনীতিতে।












Click it and Unblock the Notifications