ভোটের পরেও হিংসা অব্যাহত! মমতার দলের প্রার্থীর স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ
ভোটের পরের দিনেও কাটেনি হিংসার রেশ। তৃণমূল প্রার্থীর স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রার্থীর স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল সমর্থকরও। ঘটনাটি ঘটেছে নদিয়ার দত্তফুলিয়ায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী নদিয়ার রানাঘাট দুনম্বর ব্লকের দত্তফুলিয়ার অমরী বিশ্বাস। তাঁর স্বামী গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন সদস্য। তৃণমূলের অভিযোগ, সোমবার ভোট চলাকালীন বরণবেড়িয়ায় ভোট লুঠ করতে গিয়েছিল বিজেপির দুষ্কৃতীরা। সেই সময় প্রণব বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকরা তাদের বাধা দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রণব বিশ্বাস। এই সময়ই কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল তাঁর ওপর লাঠি-বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রণব বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়।












Click it and Unblock the Notifications