বিশ্বভারতীতে পরপর ২ গণ্ডগোল, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন কর্তৃপক্ষের
বিশ্বভারতীতে সাম্প্রতিক দুটি ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল কর্তৃপক্ষ।
বিশ্বভারতীতে সাম্প্রতিক দুটি ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল কর্তৃপক্ষ। প্রসঙ্গত ৮ জানুয়ারি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন। সেখানে তাঁকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার অভিযোগ ওঠে বাম প্রভাবিত ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অন্যদিকে ১৫ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রদের হস্টেলে এবিভিপি হামলা চালায় বলে অভিযোগ।

বিশ্বভারতীর এক আধিকারিক জানিয়েছেন, স্বপন দাশগুপ্ত অভিযোগ করেছিলেন সিএএ নিয়ে বৈঠকে যোগ দিতে গেলে তাঁকে ক্যাম্পাসে আটকে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা ধরে। ৮ জানুয়ারির সেই ঘটনার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই দিন বিজেপি সাংসদ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটকে রাখা হয়েছিল। সিপিএম-এর ছাত্র সংগহঠন এসএফআই-এর বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ উঠেছিল।
৮ জানুয়ারি স্বপন দাশগুপ্ত বিশ্বভারতীতে পৌঁছনোর পরে সেখানে বিক্ষোভ শুরু হয়ে যায়। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরে স্মৃতি বিজড়িত জায়গায় তারা ঘৃণা ছড়াতে দেবেন না।
অন্যদিকে, ১৫ জানুয়ারি রাতে অচিন্ত্য বাগদি এবং সাবির আলির নেতৃত্বে রাতের অন্ধকারে ক্যাম্পাসে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন সাঁওতালি বিভাগের ছাত্র দেবব্রত নাথ এবং অর্থনীতির ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায়। পরের দিনই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। বাম ছাত্র সংগঠন জানিয়েছেন, এই দুজন ৮ জানুয়ারি বিশ্বভারতীতে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications