গঙ্গাসাগরে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগের ব্যবহার
গঙ্গাসাগরে সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগের ব্যবহার
কুম্ভমেলার পর করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেও আয়োজিত গঙ্গা সাগরমেলায় সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগের ব্যবহার। এবছর গঙ্গাসাগর মেলায় পরিবেশবান্ধব হিসেবে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। থাকছে, পরিবেশবান্ধব বায়োব্যাগ, শালপাতা, কাগজের কাপ। অন্যদিকে পরিবেশ সচেতনতা বার্তা দিতেও একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন।

করোনা পরিস্থিতিতে এবছর আয়োজন করা হয়েছে গঙ্গাসাগর মেলা। তাই স্বাস্থ্য-সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করেই দেশের লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান সাগরদ্বীপে, কপিলমুনির আশ্রমে। কিন্তু অতিমারীর আবহে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য মেলা থেকে মন্দির দর্শন- সব কিছুতেই ভার্চুয়াল মাধ্যমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার ওই মেলাকে পরিবেশবান্ধব করতে একাধিক উদ্যোগ নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এ বছরই প্রথম সাগরমেলায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। মেলার প্রতিটি দোকানে ওই ব্যাগ যাতে কোনও ভাবেই ব্যবহার না করা হয়, সে দিকে বাড়তি নজদারির ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। দোকানে দোকানে পরিবেশবান্ধব বায়োব্যাগ, শালপাতা, কাগজের কাপ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার পাশাপাশি এ বছরই প্রথম পরিবেশ সচেতনতায় মেলা প্রাঙ্গণে আলাদা মঞ্চ থাকবে। যেখানে পরিবেশ রক্ষার বার্তা দিতে গান, নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। সাগরে যাতে জঞ্জাল না পড়ে, সে জন্য সমুদ্রতট থেকে ২০০ মিটার দূরে জাল থাকবে। সেখানে ময়লা আটকে যাবে।
এখানেই শেষ নয়, করোনা আবহে মাউসের এক ক্লিকেই এবার গঙ্গা সঙ্গমের পবিত্র জল, পুজোর মিষ্টি এবং সিঁদুর পৌঁছে যাবে আপনার ঘরে। মাত্র ১৫০ টাকা খরচ করলেই আসন্ন গঙ্গাসাগর মেলায় না গিয়েও আপনি পুজোর প্রসাদ, সিঁদুর পেয়ে যাবেন। ন্যূনতম খরচায় ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই গঙ্গাসাগর দর্শনে বাড়তি কিছু পরিষেবা দিতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।












Click it and Unblock the Notifications