Chess At Marriage Reception: দাবাড়ুর বিয়েতে অভিনব উদ্যোগ, খেতে বসার আগে অতিথিরা খেললেন দাবা!
Chess At Marriage Reception: বিয়েবাড়িতে নজিরবিহীন ঘটনা ঘটল হুগলির উত্তরপাড়ায়। সাধারণত বিয়েবাড়িতে গিয়ে গান-বাজনা শোনা যায়। নহবৎ বসে, কিংবা শিল্পীদের দিয়ে গান-বাজনা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রীতিভোজে চেটেপুটে খাওয়ার আগে মনোরঞ্জনের নানা বন্দোবস্ত থাকে। কিন্তু এবার এমন বিয়েবাড়ির কথা আপনাদের জানাব যেখানে গান-বাজনা নেই। সিরিয়াস সকলেই।

এখানেই এই বিয়েবাড়ির অভিনবত্ব। শিবশঙ্কর আইয়ার বিয়ে করলেন হাওড়ার বেলুড়ের বাসিন্দা পূজাকে। শিবশঙ্কররা তিন প্রজন্ম ধরে রয়েছেন বাংলাতেই। শিবশঙ্কর নিজে একাধিক জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। বিগত ৬ বছর ধরে যুক্ত রয়েছেন দাবা প্রশিক্ষণের কাজে। সেই দাবাড়ু তথা কোচের বিয়েতেই নয়া চমক।
বিয়ের থিম এখানে দাবা। প্রীতিভোজে আমন্ত্রিত বন্ধুবান্ধব ও শিক্ষার্থী অনেকেই দাবার সঙ্গে যুক্ত। তাই বিয়ের আমন্ত্রণের সময় বলা হয়েছিল, বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে খেলতে হবে দাবা। অভিনব প্রস্তাবে অনেকেই সাড়া দেন। কেউ দাবা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে বিয়েবাড়িতে যাওয়ার জন্য কয়েকদিন ধরে দাবা খেলার পুরানো অভ্যাস রপ্ত করেছেন অনেকেই।

ছোটরাও জানাল, এমন বিয়েবাড়িতে তারা আগে আসেনি। তবে বেশ ভালোই লাগছে। বিয়েবাড়িতে পৌঁছে উপবার তুলে দেওয়া, সৌজন্য বিনিময় সারার পর খেতে বসার আগে এক বোর্ড করে দাবা খেলতে হলো নিমন্ত্রিতদের। নানা বয়সের সকলেই উপভোগ করলেন এই অভিনব উদ্যোগ। কেউ তো এতটাই দাবায় মনোনিবেশ করলেন, যে খেতে বসার সময়ও পিছিয়ে দিতে হলো।
ম্যাগনাস কার্লসেনকে ভালোরকম টক্কর দিয়ে বিশ্ব দাবায় রানার-আপ হয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ১৮ বছরের এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসছেন। এশিয়ান গেমসের জন্য ভারতীয় দাবা দলের শিবির আয়োজন করা হয়েছে কলকাতায়। তার আগে নিজের বিয়েতে দাবা খেলার আয়োজন করে চমক দিলেন শিবশঙ্কর।
স্ত্রী পূজার পাশে বসেই শিবশঙ্কর বললেন, আমার বিয়েতে অতিথিদের অনেকেই দাবার সঙ্গে যুক্ত। সে কারণেই এই আয়োজনের ভাবনা। ৩৫-৪০ জন দাবা খেলেছেন বিয়েবাড়িতে এসে। ফোকাস, মনঃসংযোগ ঠিক রাখতে দাবার বিকল্প নেই। দাবার প্রসার ঘটানো, এই খেলার প্রতি ছোটদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ। শিবশঙ্কর আশাবাদী, দেশের দাবার রাজধানী একদিন নিশ্চিতভাবেই হবে বাংলা।












Click it and Unblock the Notifications