লোকসভার আগেই CAA! শান্তনু ঠাকুরের পরে এবার আশ্বাস অমিত শাহের জুনিয়রের, ঠাকুরনগরে করলেন সভা
মাস তিনেক আগে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ের হয়ে প্রচারে লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবার সেই শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সেই একই প্রতিশ্রুতি দিলেন অমিত শাহের জুনিয়র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র টেনি।
রবিবার রাস উৎসব উপলক্ষে তিনি বনগাঁর ঠাকুরনগরে গিয়েছিলেন। বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে রেখে তাঁর আশ্বাস মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে। অমিত শাহ নিজে লোকসভা এব্যাপারে আলোচনা করেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরও চেষ্টা করছেন বলে জানিয়েছেন অজয় কুমার মিশ্র টেনি।

আগামী মার্চের মধ্যে সিএএ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় অমিত শাহের মন্ত্রকের জুনিয়র মন্ত্রীর এই আশ্বাসে নতুন করে উজ্জীবিত মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ। যদিও তৃণমূল-সহ অন্য বিরোধীরা বলছেন, এটা নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে ভোট টানার কৌশল।
এদিন প্রথমে বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র টেনি। তারপর তিনি রাস উৎসবে যোগ দেন। সেখানেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় তিনি বলেন, কেন্দ্রীয় সরকার মতুয়াদের নাগরিকত্বের জন্য চেষ্টা করছে।
তিনি বলেন, যেসব মতুয়ার ভারতীয় পরিচয়পত্র নেই, তাঁরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই করা কার্ড ব্যবহার করুন। তিনি বলেন, শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড যাঁদের কাছে থাকবে, তাঁদের কিছু করার হিম্মত নেই কারও।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ২০২৩-এর ছয় ডিসেম্বর সুপ্রিম কোর্টে নাগরিকত্ব নিয়ে সমস্যার সমাধান হবে। ২০১৪ সালের আগে যাঁরা ভারতে এসেছেন তাঁরা সিএএ-র জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে সিএএ-তে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে আগত হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট এবং জৈন সম্প্রদায়ভুক্তরা ভারতের নাগরিকত্ব পাবেন। সিএএ থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তর-পূর্বের রাজ্যগুলির অধিকাংশ এলাকাকে।
প্রায় চার বছর আগে সংসদে পাশ হওয়ার পর থেকে অকার্যকর রয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯। এখনও নিয়ম বা আইনই তৈরি হয়নি। ইতিমধ্যে তা তৈরি করতে অষ্টমবারের এক্সটেনশন পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রকাশিত খবর অনুযায়ী, শীঘ্রই নিয়ম লাগু করা হবে।












Click it and Unblock the Notifications