'বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে...'! বড় বার্তা অমিত শাহের, আর কী বললেন তিনি?
SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর স্পষ্ট বক্তব্য যে, এই বিষয়টি শুধু ভোটার তালিকা সংশোধন করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারত থেকে অনুপ্রবেশকারীদের এক এক করে চিহ্নিত করে দেশছাড়া করাই মূল লক্ষ্য।

শাহ দাবি করেন যে, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে অনুপ্রবেশের হওয়ার কারণে জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। তাঁর অভিযোগ যে, "অনুপ্রবেশকারীরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলছে না, গরিব মানুষদের রেশন ব্যবস্থার মধ্যেও ভাগ বসাচ্ছে। তবে জনসংখ্যার গঠনে সবচেয়ে বড় প্রভাব পড়েছে।"
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, "এ বার বিজেপি সরকার গঠন করবেই। আমার পুরো ভরসা আছে। আর বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে সীমান্ত পুরোপুরি সিল করা এবং দেশে থাকা অনুপ্রবেশকারীদের একে একে চিহ্নিত করে বাইরে পাঠানো।"
শাহের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি যে, অনুপ্রবেশ রোখা সম্পূর্ণটাই কেন্দ্রের দায়িত্ব। জলে, স্থলে অথবা আকাশপথে, যেভাবেই কেউ দেশে ঢুকুক না কেন, তার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের। তিনি প্রশ্ন তুলে বলেন যে, "ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেখানে কীভাবে রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে?" তিনি অভিযোগ করেন, "বাংলাকে নিয়ে চারিদিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।"
প্রসঙ্গত, সম্প্রতি সিঙ্গুরের সভায় অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকে দায়ী করেছিলেন। তাঁর অভিযোগ ছিল যে, "অনুপ্রবেশকারীদের রক্ষায় তৃণমূল নরম মনোভাব নিচ্ছে এবং তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে চলেছে।"
অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যের এই চাপানউতোরে রাজনৈতিক পারদ আরও চড়ল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications