Union budget 2025: জিএসটি থেকে আয়কর, ট্যাক্স দিতে নাভিশ্বাস! বাজেট নিয়ে যা বলছেন মধ্যবিত্তরা
১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। ২০২৫ সালের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪-এ লোকসভা নির্বাচনের পর যে বাজেট পেশ হয়েছিল তার পরবর্তীতে মূলত তৃতীয়বার কেন্দ্রে মোদী সরকার আসার পর এই বাজেটে নতুন কী চমক থাকছে সেদিকে নজর রয়েছে বিশিষ্ট থেকে সাধারণ সকলেরই। তবে বিশেষভাবে চলতি বছর বাজেটে উঠে আসছে কর ব্যবস্থা প্রসঙ্গ।
কর ব্যবস্থায় কোনও রকম ভাবে পরিবর্তন আনা যায় কিনা মোদ্দা কথা মধ্যবিত্ত সাধারণ মানুষের করের বোঝা কিছুটা হলেও লাঘব করা যায় কিনা সেই দিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন গোটা দেশের মধ্যবিত্ত সাধারণ মানুষ। একদিকে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, এবং অন্যদিকে একই সঙ্গে অর্থনৈতিক ঝুঁকি যাতে কমে সেই আশাতেই বুক বাঁধছেন মধ্যবিত্তরা।

জিএসটি এবং আমদানি শুল্কর মত বৃহত্তর ক্ষেত্র তো বটেই, পাশাপাশি আয়কর, স্বাস্থ্য বীমায় অতিরিক্ত কর সহ একগুচ্ছ করের চাপে জর্জরিত মধ্যবিত্ত সাধারণ মানুষ। তাই এবারের বাজেটে মধ্যবিত্ত করদাতাদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়া উচিত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ।
কেউ বলছেন পোস্ট অফিস এবং ব্যাংকে সঞ্চয়ের ক্ষেত্রে সুদের পরিমাণ আরও একটু বৃদ্ধি পেলে ভালো হয়। আবার অনেকেই মনে করছেন আয়করে ছাড়ের মাত্রা কিছুটা বৃদ্ধি পেলে অনেকটাই নিশ্চিন্ত হবেন জনসাধারণ। এদিকে সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলির অব্যবস্থা এবং বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে আকাশছোঁয়া খরচ, কিন্তু সেক্ষেত্রে স্বাস্থ্য বীমা দিতে গিয়ে প্রায় পকেট ফাঁকা! তাই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে মূল্য পরিমান কিছুটা কম হলে চিকিৎসা করাতে সুরাহা হয় এমনও মনে করেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের সেই আশা পূরণ কতটা হয় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications