পিসি-ভাইপোর গুডবুকে থাকতেই স্বর্গীয় বাবাকে চোর বলছেন উদয়ন! তাপস রায়ের মন্তব্যকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
রাজ্যে চুরি দুর্নীতি ছাড়া আর অন্য কিছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বর্তমান মন্ত্রী উদয়ন গুহ যেভাবে নিজের বাবা স্বর্গীয় কমল গুহর দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন, তারও তীব্র সমালোচনা করেছেন।

তৃণমূলের লেভেল অন্য
রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ নিজের বাবা স্বর্গীয় কমল গুহকেই দুর্নীতিগ্রস্ত বলেছেন। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, এরা কোন লেভেলে গিয়েছে ভাবা যায় না। বিধানসভায় তৃণমূলের কেউ যদি তাঁর বাবাকে (শিশির অধিকারী) নিয়ে ব্যাঙ্গাত্মক কথা বলে, তিনি তাঁর প্রতিবাদ করেন।

পিসি-ভাইপোর গুড বুকে থাকতে বাবাকে চোর সাজানো
উদয়ন গুহ পিসি-ভাইপোর কাছে ভাল হওয়ার জন্য, গুড বুকে থাকার জন্য তিনি নিজের বাবাকে চোর- লম্পট বলে স্বীকার করছেন। তিনি বলেন, এই লজ্জা রাখার কোনও জায়গা নেই। বিরোধী দলনেতা বলেছেন, যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন, যিনি স্বর্গত, সাফাই দিতে পারবেন না, তাঁকে নিয়েই কথা বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নতুন কালচার পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেলো বলে মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দু চ্যালেঞ্জ
তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমা করে দেওয়ায় সেই প্রস্তাব পাশ হয়নি। সেই প্রস্তাব পাশ হলে শুভেন্দু অধিকারীর অবস্থাও রাহুল গান্ধীর মতো হতো। এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে বলেছেন, ক্ষমতা থাকলে করে দেখান। শুভেন্দু অধিকারী বলেছেন জুডিশিয়ারি এখন জীবিত রয়েছে। তিনি আরও বলেন, তাঁকে (শুভেন্দু) সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল হাইকোর্টের হস্তক্ষেপে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেআইনি কাজ করায় ভুগতে হচ্ছে, আগামী দিনেও হবে।

ভাইপোর সময় নোংরামির আমদানি
বিরোধী দলনেতা এদিন বলেন ভাইপোর সময়ে রাজনীতি নোংরার আমদানি হয়েছে। শহিদ মিনার চত্বরে ডিএ-র দাবিতে অবস্থান সত্ত্বেও সেখানে তৃণমূলের কর্মসূচি নেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কাঁথিতে যে বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা থাকেন সেই বাড়ির আশপাশে গত দুবছর ধরে ধরে বছরের বিভিন্ন সময় কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে কোনও সময় এই ধরনের ঘটনার মুখে পড়তে হয়নি, বলেছেন তিনি।
|
কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন
বিরোধী দলনেতা এদিনও কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন, প্রকল্পের ৬০ শতাংশ টাকা দিচ্ছে ভারত সরকার। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ২১-২২ সালে প্রকল্পের টাকা খরচ করতে পারেনি। সেই কারণে মিথ্যা বলে ক্রেডিট নেওয়ার দরকার কী প্রশ্ন করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের চোখের আলো প্রকল্প নিয়ে তিনি এই মন্তব্য করেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিসুয়াল ইমপেয়ারমেন্ট। এব্যাপারে কেন্দ্রের প্রকল্পের ওপরে ফের একবার স্টিকার লাগানোর অভিযোগ তিনি করেছেন।












Click it and Unblock the Notifications