রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, আরও ২ জনের শরীরে ভাইরাসের হদিশ
রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯।
রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯। বেলেঘাটা আইডি সূত্রে খবর, এঁরা দুজনেই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।

ফের নমুনা পরীক্ষা
নতুন করে যে দুজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে, তাঁদের একজন ফিরেছিলেন লন্ডন থেকে। সূত্রের খবর, অন্যজন ফিরেছিলেন অপর একটি দেশ থেকে। তবে এছাড়া বিস্তারিত কিছু পাওয়া যায়নি স্বাস্থ্যভবন থেকে। জানা গিয়েছে, নতুন করে পরীক্ষার জন্য এই দুজনের নমুনা নেওয়া হতে পারে।

কলকাতায় প্রথম মৃত্যু সোমবার
সোমবার দুপুর ৩.৩৫-এ কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়। ৫৭ বছর বয়স্ক প্রৌঢ় পূর্ব রেলে কর্মরত ছিলেন। গতমাসের শেষের দিকে বিলাসপুর গিয়ে এমাসের ২ তারিখ কলকাতায় ফেরেন আজাদহিন্দ এক্সপ্রেসে। ১০ মার্চ থেকে তাঁর জ্বর শুরু হয়। শ্বাসকষ্ট শুরু হওয়ায় ১৬ মার্চ তাঁকে সল্টলেকের আমরিতে ভর্তি করানো হয়। নাইসেড ছাড়াও এসএসকেএম-এ ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছিল।

করোনা ঠেকাতে রাজ্যে চলছে লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল ৫ টা থেকে রাজ্যে শুরু হয়েছে লকডাউন। আপাতত তা চলবে ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত। তবে তা আরও বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর।

ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯৮
এই মুহুর্তে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯৮। গত তিনদিনে ২৪৬ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল আক্রান্তের সংখ্যা ৪৭৮। এঁদের মধ্যে ৪০ জন বিদেশি। তবে এঁদের মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications