তিন ছাত্রীর মুখ বেঁধে জঙ্গলে টেনে নিয়ে গেল ওরা! একজন পালিয়ে এসে জানাল রোমহর্ষক কাহিনি
দিনদুপুরে টিউশন থেকে ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। তবে এটি আদতে অপহরণ নাকি অপহরণের নাটক করে দুই কিশোরী ছাত্রী বন্ধুদের সঙ্গে পালিয়েছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
এক ছাত্রী কোনওরকমে দুষ্কৃতীদের খপ্পর থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও, দুই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেল তিন দুষ্কৃতী। ঝাড়গ্রামের লেদাবহড়ায় শনিবার দিনদুপুরে টিউশন থেকে ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। তবে এটি আদতে অপহরণ নাকি অপহরণের নাটক করে দুই কিশোরী ছাত্রী বন্ধুদের সঙ্গে পালিয়েছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে পালিয়ে আসা ছা্ত্রীটিকে নিয়েই তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অভিযোগ, এদিন বেলা দশটা নাগাদ টিউশন থেকে বিকাশ ভারতী স্কুলের একাদশ শ্রেণির তিন ছাত্রী বাড়ি ফিরছিল। সেইসময় তিনজন দুষ্কৃতী তাদের পথ আটকায়। এক ছাত্রী কোনওরকমে দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে পালিয়ে আসে। বাকি দুজনকে তুলে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছাত্রীটি পালিয়ে এসে পুলিশকে জানায় এই ঘটনার কথা।
সেইমতো ঝাড়গ্রাম পুলিশ তদন্ত শুরু করে। পালিয়ে আসা ছাত্রীটি পুলিশকে জানায়, তার দুই বান্ধবীকে মুখ বেঁধে চুড়ার বনের দিকে নিয়ে গিয়েছে অপহরণকারীরা। ছাত্রীটিকে নিয়েই পুলিশ জঙ্গলে তল্লাশিতে নামে। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও দুই ছাত্রী ও অপহরণকারীদের খোঁজ মেলেনি। এতেই সন্দেহ বাড়ে পুলিশের।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অপহরণ নয়, অপহরণের গল্প ফাঁদা হয়েছে পালিয়ে যাওয়ার জন্য। দুই কিশোরী ছাত্রী বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটাতে পারে। পালিয়ে আসা ছাত্রীর কথাতেও নানা অসঙ্গতি মিলেছে বলে পুলিশের দাবি।
ছাত্রীটির মুখের বিবরণ শুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তার বিবরণ সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সে পুলিশকে জানায়, তিনজন ছেলে তাদের পিছু নিয়েছিল। নির্জন পথে তাদের উপর চড়াও হয় তারা। তাদের ওড়না দিয়ে মুখ বেঁধে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়।
সেইসময় ধস্তাধস্তি করে কোনওরকমে পালিয়ে আসতে সক্ষম হয় সে। কিন্তু বাকি দুজনকে অপহরণকারীরা টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। পুলিশ কয়েকটি ভাগে ভাগ হয়ে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জঙ্গলের পথ ধরে তাঁরা অন্যত্র পালিয়েছে।












Click it and Unblock the Notifications