দুবাইতে ১০ কোটির দুটি ফ্ল্যাটের হদিশ, বাকিবুরের কাছেও কি কুবেরের ধন?
দুবাইতে বিলাসবহুল দু' দুটি ফ্ল্যাটের হদিশ মিললো। বাকিবুর রহমানের সম্পত্তির পরিমাণ ঠিক কত? তাই নিয়ে প্রশ্ন উঠছেই। দেশের বাইরে এবার সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। আরও একাধিক সম্পত্তি কি দেশের বাইরে বাকিবুর রহমান করে রেখেছে? বিদেশের ব্যাঙ্কে কি রেশন দুর্নীতির টাকা পাঠানো হয়েছে? এই সব প্রশ্ন উঠছে।
রেশন দুর্নীতির তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়। আদতে উত্তর ২৪ পরগনা দেগঙ্গার বাসিন্দা সে। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় তার সম্পত্তি ছড়িয়েছিটিয়ে রয়েছে। বেঙ্গালুরুতেও তার সম্পত্তির খোঁজ পাওয়া যায়। চালকল থেকে বিলাসবহুল হোটেল! কী নেই সেই তালিকায়।

তদন্তকারীরা দুর্নীতির তদন্ত নেমে রীতিমতো হতবাক। বাকিবুর রহমানের ছটি সংস্থার আপাতত হদিশ পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে প্রায় সাড়ে ৫০ কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে বলে খবর। রেশন দুর্নীতিতে কত টাকা নয়ছয় হয়েছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন সাধারণ ব্যবসায়ী কীভাবে ধনকুবের হয়ে গেলেন? প্রশ্ন উঠছেই।
মঙ্গলবার আরও চমকে দেওয়া তথ্য পেয়েছেন ইডির তদন্তকারীরা। বাকিবুর রহমানের ব্যাঙ্ক একাউন্ট ডিটেইলস দেখছিলেন তারা। সে সময় দুবাইতে ব্যাঙ্ক একাউন্টে টাকা ট্রানজ্যাকশনের বিষয়টি নজরে আসে। খোঁজ নিয়ে জানা যায় সেখানে দুটি ফ্ল্যাট কিনে রেখেছে বাকিবুর। কোনও সাধারণ নয়, একেবারে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে সেখানে। দুটি ফ্ল্যাটের বাজারদর প্রায় ১০ কোটি টাকার মতো।
বিদেশে তাহলে কি আরও সম্পত্তি রয়েছে এই ব্যক্তির? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেশন দুর্নীতির টাকা তাহলে কি অনেক আগে থেকেই বাইরে পাঠিয়ে দিয়েছিল সে? মঙ্গলবার থেকে ইডি আধিকারিকরা জেরা শুরু করেছেন বাকিবুর রহমানকে। ধৃতকে ১২ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল। তার পাঁচটি চালকল ও আটাকল রয়েছে। উত্তর ২৪ পরগনা দেগঙ্গায় তার আদিবাড়ি। কলকাতার চিনার পার্কে ফ্ল্যাট রয়েছে। কলকাতার চিনার পার্ক ও বেঙ্গালুরুতে বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেল রয়েছে তার।
এছাড়াও বেসরকারি হাসপাতাল রয়েছে বাকিবুরের। কাপড়ের ব্যবসার সঙ্গেও জড়িত সে। গাড়ির সংখ্যা নিয়েও রীতিমতো চোখ ধাঁধিয়ে যেতে হয়। মার্সিডিস বেঞ্জ, পোর্শে সহ একাধিক বিদেশি বিলাসবহুল গাড়ি রয়েছে তার। বিপুল পরিমাণ অর্থের যোগান কীভাবে হত? কোন পথে রেশন দুর্নীতির টাকা আসত? সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত।












Click it and Unblock the Notifications