বর্ধমানের কুলটিতে বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার মা-মেয়ের দেহ
বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হল মা-মেয়ের নিথর দেহ। পাশের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা বর্ধমানের কুলটির কলেজ মোড়ে।
কুলটি, ৫ নভেম্বর : বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হল মা-মেয়ের নিথর দেহ। পাশের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা বর্ধমানের কুলটির কলেজ মোড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। সুইসাইড নোটে লেখা, অর্থনৈতিক অনটনের কারণেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নিতে বিষ খেয়েছেন।
প্রাথমিক তদন্ত এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। এদিন বেলা বাড়লেও ঘরের দরজা ছিল বন্ধ। আর তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। প্রতিবেশীরা বহু ডাকাডাকি করেও সাড়া পাননি বাড়ির কারও। তখনই কুলটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে মা ও মেয়ের দেহ। নিথর অবস্থায় বিছানার উপর পড়েছিল দু'জন।

তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় ছেলেকে। তার শ্বাস চলছিল। তবে গলায় ফাঁস লাগানো ছিল তার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলের জ্ঞান ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, কী ঘটেছিল গত রাতে।
সুইসাইড নোটে লেখা বিষ খেয়ে আত্মহত্যার কথা। অথচ ছেলেটির গলায় কেন ফাঁস লাগানো ছিল, তাও জানার চেষ্টা চালাবে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই পরিবারের সম্বন্ধে। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications