দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের কাণ্ডে রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ ২ অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে নয়া মোড়
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় উঠল চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেপ্তার হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের ঘনিষ্ঠ ২ সহযোগী। পুলিশের দাবি, এই ২ জন কেবল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, হত্যাকাণ্ডের ঘটনাতেও তাঁদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
ধৃতদের নাম রাজু ঢালি ও তুফান থাপা। পুলিশ সূত্রে খবর, রাজু ঢালি দীর্ঘদিন ধরে রাজগঞ্জের বিডিও-র সরকারি গাড়ির চালকের দায়িত্বে ছিলেন। নিউটাউনের বাসিন্দা রাজুকে শুক্রবার রাতে বিধাননগর কমিশনারেট গ্রেফতার করে। অন্যদিকে, তুফান থাপাকে ধরা হয় উত্তরবঙ্গ থেকে। তিনি রাজগঞ্জ প্রশাসনিক মহলের 'ঘনিষ্ঠ ঠিকাদার' হিসেবেই পরিচিত।

পুলিশ তদন্তে উঠে এসেছে, গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে সল্টলেকের এবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং পরে মৃত্যু হয় বলে অভিযোগ। সেই সময় সেই বাড়িতে রাজু ঢালি ও তুফান থাপা উপস্থিত ছিলেন বলেই দাবি তদন্তকারীদের। এমনকি দেহ গাড়িতে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সময়ও তাঁরা সাথে ছিলেন বলে জানা গেছে।
এই মামলায় অভিযোগকারী দুই ব্যক্তি দত্তাবাদের বাড়ির মালিক ও অশোক কর আগেই জানিয়েছিলেন, মোট পাঁচজন এই অপহরণ হামলায় জড়িত। তাঁদের দাবি, ঘটনাস্থলে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণও। অশোক কর আরও দাবি করেন, কয়েকদিন আগে তিনি বিডিওর বাড়ি থেকে কিছু সোনা চুরি করে স্বপন কামিল্যার কাছে বিক্রি করেছিলেন। সেই সোনা গলিয়েই ফেলেন স্বপন, আর সেই অভিযোগের জেরেই এই অপহরণ ও মারধর।
অভিযোগ অনুযায়ী, সেদিন সল্টলেকের ওই বাড়িতে অশোক কর ও স্বপন কামিল্যাকে বেল্ট, লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। বিকেলের দিকে অশোককে ছেড়ে দেওয়া হলেও স্বপন আর বাড়ি ফেরেননি, পরে পাওয়া যায় তাঁর নিথর দেহ।
এখন তদন্তের কেন্দ্রে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, ধৃতদের দায় স্বীকার, এমনকি ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ সব মিলিয়ে ঘটনাটি আরও ধোঁয়াশাচ্ছন্ন হয়ে উঠছে। পুলিশের একাংশের বক্তব্য, "বিডিও নিজে কতটা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।"
এই ঘটনায় এখনো অন্তত ৩ জন পলাতক বলে জানা গেছে। তদন্তে নেমে ঘটনার নেপথ্যে আর কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে বিধাননগর কমিশনারেট।












Click it and Unblock the Notifications