জাল নোট চক্রে মালদহ থেকে গ্রেফতার দুই বাংলাদেশি!
ভারতে জাল নোট ছড়াতে এসে এনআইএয়ের হাতে ধরা পড়ে গেল দুই বাংলাদেশি। মালদহের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হল আনারুল ইসলাম ও ফতিমা বিবিকে।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : ভারতে জাল নোট ছড়াতে এসে এনআইএয়ের হাতে ধরা পড়ে গেল দুই বাংলাদেশি। বৃহস্পতিবার রাতে মালদহের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হল আনারুল ইসলাম ও ফতিমা বিবিকে। পুলিশ জেরায় জানতে পেরেছে, মালদহের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজ করত তারা।
ফতিমা ওপার বাংলা থেকে টাকার নিয়ে আসত এপার বাংলায়। তারপর তা আনারুলের হাতে তুলে দিত। আনারুল এপার বাংলায় তা ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত ছিল। ফতিমা বাংলাদেশি নাগরিক। তার বিয়ে হয় উত্তরপ্রদেশের এক বাসিন্দার সঙ্গে। উল্লেখ্য দু'দিন আগে মালদহের কালিয়াচক থানার চর অনন্তপুর সীমান্তে বেড়ার ধার থেকে দু'লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। সব জাল নোটই দু'হাজারের নতুন নোটের ছিল। সম্প্রতি বৈষ্ণবনগর থানা এলাকা থেকেও নতুন দু'হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানতে পেরেছে বন্ধু রাষ্ট্র বাংলাদেশে তৈরি হচ্ছে ভারতীয় জালনোট। তারপর পশ্চিমবঙ্গের মাধ্যমে তা খুব সহজে বাংলাদেশ থেকে ভারতে ছড়িয়ে পড়ছে। বিএসএফ ও এনআইএ তাই নজরদারি বাড়িয়েছে। কিন্তু এই কারবারে রাশ টানা যাচ্ছে না কিছুতেই। প্রায় প্রতিদিনই জাল নোট সহ ধরা পড়ছে কেউ না কেউ।












Click it and Unblock the Notifications