সদ্য বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারী তৃণমূলের রাণাঘাটের প্রার্থী, নজরে মতুয়া ভোট?
গত ৭ তারিখ দুপুরের পরে তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সেই তিনি এবার জোড়া ফুল প্রতীকে লোকসভা ভোটে লড়বেন। রাণাঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। নদিয়ার রাজনৈতিক মহলে এই ঘটনায় যথেষ্ট চর্চা শুরু হয়েছে।
মুকুটমণি অধিকারী গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান। রাণাঘাট দক্ষিণ বিধানসভা আসনে জিতে তিনি বিধায়ক হন। এবারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল থেকে প্রার্থী করেনি। গতবারের বিজয়ী সাংসদ জগন্নাথ সরকারকেই বিজেপি টিকিট দেয়। আর তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ তারিখ উত্তর কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে তৃণমূল নেতৃত্বরা পথে হাঁটেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন। সেই সময় দেখা যায় মুকুটমণি অধিকারী মিছিলে হাঁটছেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি দলীয় পতাকা নেন। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের ঠিক পেছনেই তিনি হেঁটেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ভাষণ দিয়েছেন। সেখানেও মঞ্চে দেখা গিয়েছে মুকুটমণি অধিকারীকে। প্রশ্ন উঠেছিল, দলবদল তো করলেন। তিনি এবার কি তৃণমূলের হয়ে রাণাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থীও হবেন? ব্রিগেডের সভায় সেই বিষয়টি মান্যতা পেল। রাণাঘাট লোকসভা আসনে তৃণমূলের হয়ে লড়াই করবেন মুকুটমণি অধিকারী।
এই কেন্দ্রে মতুয়া ভোটের প্রভাব বেশি। বনগাঁ গাইঘাটা রাণাঘাট অঞ্চলে মতুয়া ভোট নিয়ন্ত্রণের ভূমিকায় থাকে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির দিকে ঝুঁকেছিল। গেরুয়া ঝড় দেখতে পাওয়া যায় লোকসভা ও বিধানসভা ভোটে। গত লোকসভা নির্বাচনে রাণাঘাট কেন্দ্র বিজেপির দখলে যায়। জগন্নাথ সরকার এই কেন্দ্র থেকে জিতে দিল্লিতে লোকসভা ভবনে গিয়েছিলেন।
এবারে এই কেন্দ্রে জগন্নাথ সরকার ও মুকুটমণি অধিকারীর লড়াই। মুকুটমণি নিজে মতুয়ার সম্প্রদায় ভুক্ত। সেই কারণে তাঁর দিকে মতুয়ারা ঝুঁকে থাকবেন। এমন মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications