ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউ-তে তৃণমূল সাংসদ তাপস পাল

কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাপস পালকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তাপস পালের এমআরআই-ও করা হয়। আর তাতেই উঠে আসে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়েছে। ৭২ ঘন্টা তাঁর শারীরিক অবস্থার মনিটরিং করা হবে।
কিছুদিন আগেও এই হাসপাতালেই রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তাপস পাল। সম্প্রতি বিতর্কিত ও অশালীন মন্তব্য করে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছিলেন এই সাংসদ। কোনও এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তেজিত তাপস পাল বলেছিলেন, "বিরোধীদের বলছি...আমি অনেক বড় রংবাজ, আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না। আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব রেপ করে চলে যাবে। আমাদের তৃণমূলের কারও গায়ে যদি সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি, ঘর সব জ্বালিয়ে দেব।"
কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলেও দলের তরফে কোনও রকম কড়া পদক্ষেপ নেওয়া হয়নি তাপস পালের বিরুদ্ধে। যদিও সূত্রের খবর অনুযায়ী বিতর্ক এড়ানে মুখ্যমন্ত্রী তাপস পালকে সংসদ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন তাপস পাল।












Click it and Unblock the Notifications