টাকার পাহাড়ের সামনে বসে TMC নেতা! ঘুষ? এত টাকা কার? এই ভিডিও ফাঁস হতেই শোরগোল বাংলায়, দেখুন
৫০০ টাকার নোটে ভর্তি টেবিল, পাশে বসে আছেন শাসক দলের এক নেতা। সম্প্রতি এইরকম এক ভিডিও ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ-সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে ঘিরে ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর এই ভিডিও নিয়ে গতকাল থেকেই রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি প্রায় সাড়ে তিন মিনিটের। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি অফিস ঘরের টেবিলের উপর ধাপে ধাপে সাজানো রয়েছে ৫০০ টাকার বান্ডিল। একদিকে বসে গিয়াসউদ্দিন মণ্ডল আর অন্যদিকে এক ব্যবসায়ী। টাকার স্তূপ এতটাই বড় যে মাঝখানে যে ব্যক্তি বসে আছেন তাঁর মুখ প্রায় ঢাকা পড়ে গেছে। প্রাথমিক অনুমান অনুসারে, সেখানে নগদ প্রায় কোটি টাকাও থাকতে পারে। ভিডিওটির শেষে সেই টাকাগুলি ব্যাগে ভরে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। যদিও ভিডিওটির সত্যতা সংবাদমাধ্যমের তরফ থেকে যাচাই করা হয়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পাল্টা সাফাই দিয়েছেন গিয়াসউদ্দিন। তাঁর দাবি যে, এটি ২০২২ সালের একটি পুরোনো ভিডিও। আর ভিডিওটি জমি কেনাবেচার লেনদেনের সময়ের। তিনি বলেন যে, "আমি শুধু সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু লেনদেন আমার নয়।" ভিডিওতে থাকা ব্যবসায়ী বাকিবুল ইসলামও সেই একই দাবি করেছেন। তাঁর কথায়, কয়েক বছর আগেই একটি জমি বিক্রির সময় এই টাকা লেনদেন হয়েছিল। তবে গিয়াসউদ্দিন সেই ব্যবসার পার্টনার কি না, তা নিয়ে দু'জনের মধ্যে বক্তব্যের কোনও মিল নেই।
ভাইরাই হওয়া এই ভিডিও ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র দাবি করেছেন যে, ইডির স্বতঃপ্রণোদিত তদন্ত হওয়া উচিত। তাঁর অভিযোগ যে, তৃণমূল নেতারা জমি কারবারের আড়ালে কালো টাকা লেনদেনের সঙ্গে যুক্ত।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, ব্যবসা করা কোনও অপরাধ নয়। বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবির বক্তব্য, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে আগেকার পুরোনো ভিডিও ছড়িয়ে শাসক দলকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও ব্লক তৃণমূলের কনভেনর ইছা হক সর্দার জানিয়েছেন যে, বিষয়টি খতিয়ে দেখা হবে।












Click it and Unblock the Notifications