Mamata Banerjee: রাজ্যে কি বিজেপির বিরুদ্ধে একা লড়বে তৃণমূল? জল্পনা বাড়ালেন মমতা নিজেই
রাজ্যে তৃণমূল কংগ্রেস কি একা লড়াই করবে? বাংলায় কি ইন্ডিয়া জোট হবে না? জোটের ভবিষ্যৎকে আরও উসকে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। উত্তর ২৪ পরগনার চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করলেন। সেখানেই রীতিমতো জোট নিয়ে মন্তব্য করেছেন তিনি।
বাংলায় জোটের ভবিষ্যৎ কী? বাম কংগ্রেস তৃণমূল মিলে এই রাজ্যের জোট হবে কি? জোট হলে কতগুলো আসন কে কাকে ছাড়বে? তাই নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোটের সম্ভাবনা সাময়িকভাবে দেখা গিয়েছে। সেখানে আসন জল্পনা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে সেই জল্পনাকে উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, "সারা দেশে ইন্ডিয়া থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে।" এই বক্তব্য ঘিরে রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে বাংলায় কি জোট হবে না? তৃণমূল নেত্রী নিজেই কি বাংলায় জোট চাইছেন না? না কী বিজেপি সঙ্গে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি লড়াই করতে চাইছেন?
এর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী আসন বন্টন নিয়ে কথা বলেছিলেন। জানুয়ারি মাসের মধ্যে ইন্ডিয়া জোট সারা দেশে আসন বন্টন সেরে ফেলুক। এমন দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আসন বন্টনের বিষয়ে জোটের অন্যান্য সঙ্গীরাও পক্ষেই মতামত দিচ্ছেন। কিন্তু বাংলায় জোটের ভবিষ্যৎ কি? তাই নিয়ে প্রশ্ন উঠছিল।
বাংলার সিপিএম ও প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে লোকসভা ভোটে জোট চাইছে না। তৃণমূল কংগ্রেস বরাবর বিরোধীদের উপর আক্রমণাত্মক। তারা কোনওভাবেই তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করতে চায় না। এই দাবি বারবার উঠেছে। রাজ্য সিপিএম কোনওভাবেই মমতার সঙ্গে জোট করবে না। স্পষ্ট এই বার্তা দিয়েছেন মহম্মদ সেলিমরা।
তবে প্রদেশ কংগ্রেস এই মুহূর্তে কিছুটা নমনীয়। রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরীরা দিল্লিতে আলোচনায় বসেছিলেন। কংগ্রেসকে রাজ্যে দুটি জয়ী আসন ছেড়ে দেবে তৃণমূল। দক্ষিণ মালদা ও বহরমপুর কেন্দ্র দুটিতে কংগ্রেস লড়াই করবে। যদিও কংগ্রেস দাবি করছে সাতটি লোকসভা কেন্দ্রে তাদের দলের যথেষ্ট শক্তি রয়েছে। সেখানে তারা লড়াই করবে। তৃণমূলের পক্ষ থেকে রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়া হতে পারে। এই বার্তা পাওয়া যাচ্ছে।
বাংলার ৪২ টি লোকসভা আসনের রফাসূত্র কী হবে? জোট কোথায় এরপর আসন সমঝোতা করবে? তাই নিয়ে চর্চা থাকছেই। তবে তৃণমূল নেত্রী এদিন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। বাংলায় তিনি জোট করতে চাইছেন না ? এমন মতামত তাঁর বক্তব্যে উঠে আসছে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যে একাই লড়বে তৃণমূল? জল কোন দিকে গড়ায়? সেদিকেই এবার নজর রাখবে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications