নির্বাচনী বন্ড নিয়ে 'এক রা' মমতার TMC ও নীতীশের JDU-র! দাতাদের থেকে প্রাপ্তি নিয়ে অদ্ভুত যুক্তি
সোমবার সুপ্রিম কোর্ট এসবিআইকে নির্দেশ দিয়েছে ২১ মার্চ বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে তাদের কাছে থাকা সব তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া এসবিআই চেয়ারম্যানকেও হলফনামা দিয়ে জানাতে হবে, তাদের কাছে নির্বাচনী বন্ড নিয়ে আর কোনও তথ্য নেই। এরই মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে উদ্ভট ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের, যারা কিনা বিজেপির পরে নির্বাচনী বন্ড থেকে সব থেকে বেশি লাভবান হয়েছে। অবশ্য তৃণমূলের সুরেই সুর মিলিয়েছে এনডিএ শিবিরে ফের যাওয়া নীতীশ কুমারের জেডিইউও।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই দুই দলই ব্যাখ্যায় বলেছে, কলকাতা ও পটনায় এই দুই দলের অফিসে সিল করা খাম দিয়ে যাওয়া হয়েছিল। তাই কারা দান করেছে, সেব্যাপারে তারা কিছুই জানে না। যদিও জেডিইউ ২০১৯-এর এপ্রিলে নির্বাচনী বন্ডে পাওয়া তেরো কোটি টাকার মধ্যে তিন কোটি টাকার দাতাদের নাম প্রকাশ করেছিল। কিন্তু তৃণমূল ২০১৮-র ১৬ জুলাই থেকে ২০১৯-এর ২২ মের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া ৭৫ কোটি টাকার দাতাদের নাম প্রকাশ করেনি।

২০১৯-এর ২৭ মে তৃণমূল নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল, নির্বাচনী বন্ডের বেশিরভাগই অফিসের ড্রপবক্সে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। যাঁরা দলকে সমর্থন করে, তাঁদের মধ্যে ইচ্ছুকরা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে পাঠিয়েছিলেন। এঁদের মধ্যে অনেকেই নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই নাম ও অন্য বিবরণ নেই বলে জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তারা বলেছে, এসবিআই-এর মাধ্যমে তারা যেসব নির্বাচনী বন্ড পেয়েছে, সেগুলির পরিচয় প্রকাশ করা যেতে পারে।
অন্যদিকে, জেডিইউ ২০১৯-এর ৩০ মে জমা দেওয়া হলফনামায় বলেছিল, ২০১৯-এর ৩ এপ্রিল কেউ তাদের পটনার অফিসে সিল করা খাম দিয়ে যায়। যখন সেটি খোলা হয়, দেখা যায় এক কোটি টাকার দশটি নির্বাচনী বন্ড রয়েছে। সেই পরিস্থিতিতে দাতাদের সম্পর্কে আরও বিস্তারিত জানাতে তারা পারছেন না, বলে জানিয়েছিল জেডিইউ। তারা আরও বলেছে, যখন তারা বন্ড পেয়েছিল, সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর ছিল না, সেই সময় শুধু ভারত সরকারের বিজ্ঞপ্তি কার্যকর ছিল।
জেডিইউয়ের তরফে দুই দাতার নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে এক দাতা হল শ্রী সিমেন্ট, আজমেঢ় রাজস্থান এবং ভারতী এয়ারটেল লিমিটেড, গুরগাঁও হরিয়ানা। যেখানে শ্রী সিমেন্ট ২০১৯-এর ১৬ এপ্রিল দুই কোটি টাকা এবং ২০১৯-এর ২৬ এপ্রিল ভারতী এয়ারটেল এক কোটি টাকা অনুদান দিয়েছে।












Click it and Unblock the Notifications