২১ জুন থেকে জমি পুনরুদ্ধারে পথে নামছে তৃণমূল, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা ভোটে বিপর্যয়ের পর মানুষের মন পেতে রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুন থেকে শুরু হবে তৃণমূলের যাত্রা।
লোকসভা ভোটে বিপর্যয়ের পর মানুষের মন পেতে রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুন থেকে শুরু হবে তৃণমূলের যাত্রা। শুক্রবার তৃণমূল ভবনে হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জনসংযোগ যাত্রার নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২১ জুন চন্দ্রকোনা সাব ডিভিশন থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রা। চলবে ১৮ জুলাই পর্যন্ত। সুন্দরবন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকেও রাজ্যের শাসক দলের এই যাত্রা বর্ধমান, বীরভূম, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত স্পর্শ করবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। যে তৃণমূল নেতা যে জেলা দেখার দায়িত্বে রয়েছেন, জনসংযোগ যাত্রা সফল করতে তাঁদের সেখানে বাড়তি উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, জন সমাগমের কথা মাথায় রেখে ২১ জুলাই শহিদ সমাবেশের তিন দিন আগে জনসংযোগ যাত্রা বন্ধ করা হবে। ২৫ জুলাই ফের তৃণমূলের জনসংযোগ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদের কাছে টানতে ২০২১-র বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী এভাবেই শুরু করছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
অন্যদিকে নীতি আয়োগের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সংস্থা কোনো কাজের নয়। এর থেকে প্ল্যানিং কমিশন অনেক ভালো ছিল। কারণ সেখানে রাজ্যের কথা অন্তত জানানো যেত বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য কেন্দ্র-রাজ্য সংঘাত জারি রেখে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যাবেন না বলে চিঠি লিখে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নীতি আয়োগের কোনো আর্থিক ক্ষমতা নেই। রাজ্য সরকারের পরিকল্পনায় অর্থ বরাদ্দেরও ক্ষমতা নেই। কার্যত ঠুটো জগন্নাথ ওই সংস্থার বৈঠকে যাওয়া এবং না যাওয়া তাঁর কাছে সমান বলেই মনে করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications