গোটা দেশের সামনে দিল্লিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে বিবস্ত্র করা হবে! তৃণমূলের কর্মসূচির পাল্টা সুকান্ত
কেন্দ্রের থেকে বকেয়া পাওনা আদায়ে গান্ধী জয়ন্তীর দিন দিল্লির রাজঘাটে ধরনা কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। আর ওই দিনই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয় নিয়ে সরব হবে ভারতীয় জনতা পার্টি। এমনটাই কর্মসূচি বিজেপির।
একদিকে যেমন ওইদিন কলকাতায় বিক্ষোভ দেখানো হবে, পাশাপাশি দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বকেয়া পাওনা নিয়েও কথা বলবে বিজেপি। রবিবার শিলিগুড়িতে চা বাগান অধ্যুষিত দাগাপুর এলাকায় বিজেপির চা মজদুর জনসভায় যোগদান করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথাগুলি জানালেন।

তিনি বলেন, দোসরা অক্টোবর দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেস কী ভাবে ১০০ দিনের কাজে ও আবাস যোজনায় চুরি করেছে সেই চুরির সমস্ত তথ্য মন্ত্রীর কাছে তুলে ধরা হবে। আগেও তুলে ধরা হয়েছে, আবারও একবার তুলে ধরা হবে। এই চোরেদের মুখোশ দিল্লিতে গিয়ে খোলা হবে। মন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলন করা হবে।
রাজ্য বিজেপি সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, গোটা দেশের সামনে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিবস্ত্র করা হবে। তিনি বলেন, চোরেদের রাজা অভিষেক বন্দোপাধ্যায়। দাগাপুরের সভা প্রসঙ্গে তিনি বলেন, এই সভা চা শ্রমিকদের নিয়ে সভা।
তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার চা শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চা বাগানের জমি রিসর্ট ও হোমস্টে করার নামে সম্পূর্নভাবে ধ্বংস করছে। চা শ্রমিকদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তার বিরুদ্ধে রবিবারে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে শিলিগুড়ি যান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বাগডোগরা থেকে এদিন তিনি শিলিগুড়িতে গিয়েং বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে যোগদান করেন। পরে দাগাপুরের জনসভায় অংশগ্রহণ করেন।












Click it and Unblock the Notifications