বৈঠক সেরে ফেরার পথে সন্দেশখালিতে খুন তৃণমূল নেতা, নেপথ্যে বিজেপি-র হাত?
বৈঠক সেরে ফেরার পথে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হল এক তৃণমূল নেতাকে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।
উত্তর ২৪ পরগনা, ২৮ মার্চ : বৈঠক সেরে ফেরার পথে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হল এক তৃণমূল নেতাকে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। সন্দেশখালি পঞ্চায়েতের তৃণমূলের কার্যকরী সভাপতি ওই নেতা। তৃণমূল নেতা খুনে অভিযোগের তির বিজেপি-র দিকে। বিজেপি পাল্টা অভিযোগ করেছে, এই খুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মঙ্গলবার তৃণমূলের এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তা নিয়ে সাংগঠনিক বৈঠক ছিল দলের। সন্দেশখালি পঞ্চায়েতের ওই কার্যকারী সভাপতি বৈঠক সেরে রাতে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর রাস্তা আটকে মারধর করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। তৃণমূল কর্মীরা এই খবর পেয়ে তড়িঘড়ি পঞ্চায়েত সভাপতিকে নিয়ে যান হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মঙ্গলবার তাঁর দেহ ময়নাতদন্তের পর মিছিল করে আনা হয় গ্রামে। এই ঘটনায় বিজেপি-রি দিকে আঙুল তুলেছেন তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। পঞ্চায়েত ভোটে ক্ষমতা দখলের লোভে বিজেপি তাঁদের সক্রিয় নেতার উপর হামলা চালিয়ে খুন করেছে বলে তাঁর অভিযোগ। বিজেপি নেতা বিকাশ সিংহের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন। তৃণমূলের ভালো নেতা ছিলেন বলেই দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে খুন হতে হয়েছে।












Click it and Unblock the Notifications