তৃণমূলের দুই মন্ত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে, ২০২১ ভোটের আগে ঝুলি থেকে বেরিয়ে পড়ছে বেড়াল
তৃণমূলে শুদ্ধিকরণ নিয়ে তরজা সাংঘাতিক রূপ নিল। প্রকাশ্যে দুই মন্ত্রীর তরজা ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার প্রমাণ করে দিল তৃণমূলে যে দুর্নীতির বাসা বেঁধেছে, তা সহজে ভাঙার নয়।
তৃণমূলে শুদ্ধিকরণ নিয়ে তরজা সাংঘাতিক রূপ নিল। প্রকাশ্যে দুই মন্ত্রীর তরজা ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার প্রমাণ করে দিল তৃণমূলে যে দুর্নীতির বাসা বেঁধেছে, তা সহজে ভাঙার নয়। তার থেকেও বড় কথা এই দুর্নীতির ফাঁদ কেটে বেরোতে গিয়ে তৃণমূলে বিভাজন রেখা স্পষ্ট হয়ে উঠছে বারবার।

তৃণমূলে শুদ্ধিকরণ, দুই মন্ত্রীর মধ্যে মতবিরোধ
করোনা ও আম্ফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ঢুকে পড়েছে তৃণমূলের অন্দরে। সেই দুর্নীতি মুক্ত হতে গিয়েই তৃণমূলে শুদ্ধিকরণ চলছে। অনেক নেতাকেই শোকজ করার পর সাসপেন্ডও করা হচ্ছে। হাওড়া জেলা নেতৃত্ব এমন উদ্যোগ নেওয়ার পরই দুই মন্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হয়।

হাওড়ার দুই মন্ত্রীর ভিন্ন অবস্থান নিয়ে তোলপাড়
রাজ্যের সমবায়মন্ত্রী তথা হাওড়া জেলা সভাপতি অরূপ রায় বেশ কিছু পদাধিকারীকে দল থেকে সাসপেন্ড করার পর আর এক মন্ত্রী তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় তার সমালোচনা করেন। দুই মন্ত্রীর এই পরস্পরবিরোধী অবস্থান নিয়েই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য-রাজনীতি।

রাজীবের নিশানার অরূপ রায়
রাজীব বন্দ্যোপাধ্যায় দলের জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে বলেছিলেন, দলে শুদ্ধিকরণের নামে রাঘববোয়াল, রুই-কাতলাদের ছেড়ে চুনোপুঁটি নেতাদের দুর্নীতি বের করা হচ্ছে। হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু চুনোপুঁটিরা দলে থেকে বিতাড়িত হচ্ছেন। রাজীবের এই মন্তব্যকে দল বিরোধী বলে দাবি করে একাংশ।

রাজীব বনাম অরূপ দ্বন্দ্বে তৃণমূল বিপাকে
অরূপ রায়ও বলেন, রাজীবের কোনও ভিন্নমত থাকতে পারে। সেটা প্রকাশ্যে বলা ঠিক হয়নি। হাওড়া জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিমও বলেন, রাজীব দলের গুরুত্বপূর্ণ নেতা। ওর যদি কোনও মত থাকে দলের সামনেই বলা উচিত। কিছু বলার থাকলে আমাকে বলতে পারত। দলকে বলতে পারত। কিন্তু সংবাদমাধ্যমের সামনে বলে ঠিক করেনি।

দিলীপ ঘোষও খোঁচা দিলেন তৃণমূলকে
রাজীব প্রকাশ্যে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, তা প্রমাণিত ফিরহাদ হাকিমের কথাতেই। তার উপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও খোঁচা দিয়েছেন। তিনি বলেন, তৃণমূলই তো স্পষ্ট করে দিচ্ছে দলে দুর্নীতির সীমা-পরিসীমা নেই। দলেই অনেক রাঘববোয়াল আছে।












Click it and Unblock the Notifications